দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ১ মে : শিলচরের রবীন্দ্র সরণীস্থিত আনন্দমার্গ আশ্রমে শুক্রবার সাড়ম্বরে পালিত হল শ্রীশ্রী আনন্দমূর্তিজির ১০৫তম জন্মবার্ষিকী। দিনভর আশ্রম প্রাঙ্গণে ধর্মীয় ও শ্রদ্ধার পরিবেশ বিরাজ করে। আনন্দমার্গের প্রবক্তা, ধর্মগুরু ও সমাজসংস্কারক শ্রী প্রভাতরঞ্জন সরকার ১৯২১ সালের বৈশাখী পূর্ণিমা তিথিতে জন্মগ্রহণ করেন। তাঁর জন্মদিনটি অনুগামীদের কাছে ‘আনন্দপূর্ণিমা’ নামে বিশেষভাবে পালিত হয়।
এই উপলক্ষে শিলচর ডায়োসিসের সম্পাদক আচার্য অমৃতশিবানন্দ অবধূত জানান, শ্রীশ্রীআনন্দমূর্তিজি ছিলেন একজন বহুমুখী প্রতিভার অধিকারী—তিনি যেমন ধর্মগুরু, তেমনই শিক্ষাবিদ, ভাষাবিজ্ঞানী, কবি ও সমাজচিন্তক। তাঁর দর্শন মানবজীবনের সার্বিক বিকাশ ও সমাজকল্যাণের দিশা দেখায়। বরিষ্ঠ আনন্দমার্গী বাপ্পাদিত্য দে কানুনগো ও ভুক্তি প্রধান পান্না রায় বলেন, আনন্দমার্গ দর্শনে অষ্টাঙ্গিক যোগসাধনা, নৈতিক জীবনযাপন এবং বিশ্বকল্যাণের আদর্শকে গুরুত্ব দেওয়া হয়।
অনুষ্ঠানের অংশ হিসেবে ধর্মীয় আলোচনা, ভজন-কীর্তন এবং অন্যান্য আচার-অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দুপুরে উপস্থিত ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। এই অনুষ্ঠানে সহযোগিতা করেন সাধন পুরকায়স্থ, সমর পাল, ববি রায়, স্বপ্না রায়, রুবি দাস, শিল্পী চক্রবর্তীসহ অনেকে।



