বরাক তরঙ্গ, ২৯ এপ্রিল : গুয়াহাটিতে একটি মামলার তদন্তে এসে বিপাকে পড়েছে ছত্তিশগড়ের রায়পুর পুলিশের একটি দল। তদন্তের আড়ালে ব্ল্যাকমেলিংয়ের অভিযোগে তাদের আটক করেছে পুলিশ, ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
পুলিশ সূত্রে জানা গেছে, মামলার নিষ্পত্তির নামে এক ব্যক্তির কাছ থেকে টাকা দাবি করে অভিযুক্ত দলটি। অভিযোগ, দাবি করা অর্থ না দেওয়া পর্যন্ত ওই ব্যক্তিকে জোরপূর্বক আটকে রাখা হয়।
ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে দিসপুর থানার পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে রায়পুর পুলিশের দলটিকে আটক করে। একই সঙ্গে ওই ব্যক্তির কাছ থেকে আদায় করা অর্থও উদ্ধার করা হয়েছে।
এদিকে, ধৃত পুলিশকর্মীদের দিসপুর থানায় জিজ্ঞাসাবাদ চলছে এবং পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।



