৭৮তম প্রতিষ্ঠা দিবস পালিত কাছাড়ে
বরাক তরঙ্গ, ২৪ এপ্রিল : যথাযোগ্য মর্যাদায় এসইউসিআই (কমিউনিস্ট)-এর ৭৮তম প্রতিষ্ঠা দিবস উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে দলের কাছাড় জেলা কার্যালয়ে সংক্ষিপ্ত কিন্তু তাৎপর্যপূর্ণ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানের সূচনায় জেলা কমিটির প্রবীণ সদস্য শ্যামদেও কুর্মী দলের পতাকা উত্তোলন করেন। পরে দলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও প্রখ্যাত মার্ক্সবাদী দার্শনিক শিবদাস ঘোষের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান জেলা সম্পাদক তথা রাজ্য কমিটির সদস্য ভবতোষ চক্রবর্তী। এ সময় উপস্থিত ছিলেন জেলা কমিটির সদস্য সুব্রত চন্দ্র নাথ, অধ্যাপক অজয় রায়, দুলালী গাঙ্গুলিসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এরপর আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন শ্যামদেও কুর্মী এবং ভবতোষ চক্রবর্তী। বক্তব্যে ভবতোষ চক্রবর্তী বলেন, স্বাধীনতা আন্দোলনের আপসহীন ধারার বিপ্লবী শিবদাস ঘোষ ব্রিটিশ আমলেই উপলব্ধি করেছিলেন যে স্বাধীনতার সুফল সাধারণ মানুষের কাছে না পৌঁছে পুঁজিপতিদের হাতে কেন্দ্রীভূত হচ্ছে। সেই প্রেক্ষাপটে একটি সঠিক বিপ্লবী দল গঠনের লক্ষ্যে তিনি উদ্যোগী হন।

তিনি আরও বলেন, তৎকালীন কমিউনিস্ট পার্টি সিপিআই লেনিনীয় পদ্ধতিতে গড়ে না ওঠায় ভারতের বিপ্লবী পর্যায় নির্ধারণে ব্যর্থ হয়েছিল। এই উপলব্ধিকে সামনে রেখে ১৯৪৮ সালের ২৪ এপ্রিল শিবদাস ঘোষ অল্পসংখ্যক সহযোদ্ধাকে নিয়ে এসইউসিআই (কমিউনিস্ট) প্রতিষ্ঠা করেন। প্রতিকূল পরিস্থিতির মধ্যেও মার্ক্সবাদ-লেনিনবাদের সঠিক প্রয়োগের মাধ্যমে গড়ে ওঠা এই দল আজও সমাজতান্ত্রিক বিপ্লবের লক্ষ্যে সংগ্রাম চালিয়ে যাচ্ছে।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, অন্যান্য বামপন্থী দলগুলি যেখানে নির্বাচনী সাফল্যের জন্য আপসকামী জোটে ব্যস্ত, সেখানে এসইউসিআই (কমিউনিস্ট) সাধারণ মানুষের স্বার্থে গণতান্ত্রিক আন্দোলন গড়ে তুলছে। তাঁর দাবি, দেশে বেকারত্ব বৃদ্ধি, অর্থনৈতিক সংকট, স্বাস্থ্যসেবার অভাব এবং শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার মতো সমস্যায় সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছে। পাশাপাশি, মানুষের ঐক্যবদ্ধ আন্দোলনকে ভাঙতে ধর্ম, জাত ও বর্ণের নামে বিভাজনের রাজনীতি করা হচ্ছে।
সভা থেকে জনগণকে পুঁজিবাদী শোষণ ও বিভাজনের রাজনীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে সমাজতান্ত্রিক পরিবর্তনের লক্ষ্যে আন্দোলনে শামিল হওয়ার আহ্বান জানানো হয়।



