পৃথক দু’টি অভিযানে মাদক সহ পিস্তল উদ্ধার কাছাড় পুলিশের, গ্রেফতার ৫

Spread the news

বরাক তরঙ্গ, ২৪ এপ্রিল : কাছাড় জেলায় মাদক বিরোধী দু’টি পৃথক অভিযানে বড়সড় সাফল্য পেল পুলিশ। প্রায় ২ কোটি ৫ লক্ষ টাকা মূল্যের হেরোইন উদ্ধারের পাশাপাশি একটি পিস্তল বাজেয়াপ্ত করা হয়েছে। মাদক সরবরাহকারী মুফিদুল ইসলাম নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

সংবাদমাধ্যমকে পুলিশ সুপার (ক্রাইম) রজতকুমার পাল জানান, গোপন সূত্রের ভিত্তিতে জেলার দু’টি এলাকায় অভিযান চালানো হয়। প্রথম অভিযানে বাঁশকান্দি অঞ্চলে একটি স্কুটি থেকে ১০টি সাবানের বাক্সে লুকানো অবস্থায় ৩৭৭ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ সময় একটি পিস্তল ও ৪ রাউন্ড সক্রিয় গুলিও বাজেয়াপ্ত করা হয়।

অন্যদিকে, লক্ষীপুর এলাকায় চেকিং চলাকালীন একটি চারচাকা গাড়ি থেকে ৫টি সাবানের বাক্সে রাখা ১৪০ গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় ড্রাগ পাচারের সঙ্গে জড়িত চারজনকে আটক করা হয়েছে। ধৃতরা হল সাবির আহমদ বড়ভূইয়া, সাহিন আহমদ লস্কর, আনোয়ার হোসেন বড়ভূইয়া ও হেলাল হোসেন বড়ভূইয়া। তাদের কাছ থেকে একটি গাড়ি ও ৪টি মোবাইল ফোনও বাজেয়াপ্ত করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, উদ্ধার হওয়া মাদক বহিরাজ্যে পাচারের উদ্দেশ্যে কাছাড়ে আনা হয়েছিল।

ধৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। এ ঘটনায় আরও কেউ জড়িত থাকলে তাদের দ্রুত শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার (ক্রাইম) রজতকুমার পাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *