বরাক তরঙ্গ, ২৪ এপ্রিল : গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের গণজ্ঞাপন বিভাগের উদ্যোগে শিলচরের ছোটেলাল শেঠ ইনস্টিটিউটে “নারীর নিরাপত্তা ও সুরক্ষা” শীর্ষক বিষয়ের উপর সচেতনতা মূলক কার্যসূচির আয়োজন করা হয়। শুক্রবার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বার অ্যাসোসিয়েশনের আইনজীবী পঞ্চমী নাথ। এ ছাড়া ছোটেলাল শেঠ ইনস্টিটিউটের বরিষ্ঠ শিক্ষিকা মণিদীপা কর এবং বিশ্ববিদ্যালয়ের গনজ্ঞাপন বিভাগের শিক্ষক জ্যোতিষ দত্ত ও টেকনিক্যাল অ্যাসিস্টেন্ট নীলেশ্বর রায়।
অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন জ্যোতিষ দত্ত। তিনি উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীদের স্বাগত জানিয়ে কর্মসূচির গুরুত্ব তুলে ধরে বলেন, পড়ুয়াদের মধ্যে নিরাপত্তা ও অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই কর্মসূচির আয়োজন।
প্রধান বক্তা পঞ্চমী নাথ তাঁর বক্তব্যে নারীদের আইনি অধিকার, আত্মরক্ষার প্রয়োজনীয়তা এবং সচেতনতার গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বিভিন্ন উদাহরণ দেখিয়ে সাধারণত মহিলারা যে ধরনের শারীরিক ও মানসিক নিরাপত্তায় মূলত ভোগেন তা নিয়ে আলোচনা করেন। এবং সেইসঙ্গে পর্যাপ্ত সচেতনতা না থাকার কারণে অনেক ক্ষেত্রেই মহিলারা যে ভাবে আইনি সুরক্ষা থেকে বঞ্চিত থেকে যান এ নিয়ে আলোকপাত করেন। সেইসঙ্গে তিনি পড়ুয়াদের শিক্ষার উপর গুরুত্ব আরোপ করে বলেন, একমাত্র শিক্ষাই মেয়েদের আত্ম নির্ভরশীল করে গড়ে তুলতে পারে। তিনি নারী নির্যাতন প্রতিরোধে প্রচলিত বিভিন্ন আইন সম্পর্কে বিস্তারিত ধারণা দেন এবং প্রয়োজনে আইনি সহায়তা গ্রহণের উপায় নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে মণিদিপা কর বক্তব্যে বলেন, বর্তমান সময়ে নারীদের নিরাপত্তা একটি গুরুত্বপূর্ণ সামাজিক বিষয় এবং এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক সচেতনতা গড়ে তুলতে সহায়ক হয়ে উঠবে। ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন গণজ্ঞাপন বিভাগের টেকনিক্যাল অ্যাসিস্টেন্ট নীলেশ্বের রায়।



