বরাক তরঙ্গ, ২০ এপ্রিল, সোমবার,
বছর ঘুরতে না ঘুরতেই আবারও বেহাল দশায় ফিরে গেছে শিলচর শহরের প্রধান সড়ক। ক্যাপিটাল পয়েন্ট থেকে রাঙ্গিরখাড়ি পর্যন্ত সড়কের চিত্র একেবারেই ভিন্ন, যা প্রতিদিনের যাত্রীদের জন্য হয়ে উঠেছে দুঃস্বপ্নের নামান্তর। সড়কের বিভিন্ন অংশে সৃষ্টি হওয়া বড় বড় গর্ত শুধু যানবাহনের গতি ব্যাহত করছে না, বরং প্রতিনিয়ত ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে সাধারণ মানুষকে। বিশেষ করে সেন্ট্রাল রোডের ওরিয়েন্টাল সিনেমা হলের সামনের অংশ এবং হাসপাতাল রোডের অবস্থায় ভয়াবহ। এই গুরুত্বপূর্ণ পথগুলোর এমন করুণ অবস্থায় নাগরিক জীবনের স্বাভাবিক ছন্দ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
প্রতিবারই কেন একই চিত্র ফিরে আসে? মেরামতির কাজ কি টেকসইভাবে করা হচ্ছে না, নাকি পরিকল্পনার অভাবেই এই সমস্যা ঘুরেফিরে দেখা দিচ্ছে? এমন প্রশ্ন স্বাভাবিক ভাবেই জনমনে উঁকি মারছে। জনসাধারণের করের টাকায় নির্মিত এই সড়কগুলো যদি বছর না ঘুরতেই ভেঙে পড়ে, তবে দায়ভার কে নেবে?
বর্ষা আসন্ন। এখনই যদি কার্যকর পদক্ষেপ না নেওয়া হয়, তবে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করবে। জল জমে গর্তগুলো আরও গভীর হবে, দুর্ঘটনার ঝুঁকি বাড়বে বহুগুণে। তাই সময় থাকতে উদ্যোগ নেওয়া জরুরি এবং নাগরিকদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যের স্বার্থে এখনই কার্যকর পদক্ষেপ গ্রহণ করাই সময়ের দাবি।



