দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ২০ এপ্রিল : ক্যাপিটাল পয়েন্ট থেকে রাঙ্গিরখাড়ি পর্যন্ত সড়কের বিভিন্ন অংশে বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। সড়কের এই বেহাল অবস্থাকে ঘিরে এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ক্রমেই বাড়ছে।
সমস্যার সমাধানে উদ্যোগ নিয়ে স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা বিষয়টি কর্তৃপক্ষের নজরে আনেন। প্রাক্তন সাংসদ ডাঃ রাজদীপ রায়ের পরামর্শে বিজেপির প্রাক্তন কাছাড় জেলা সভাপতি বিমলেন্দু রায়, পুলক দাস, সুজিত রায়সহ এক প্রতিনিধিদল সোমবার জাতীয় সড়ক ও অবকাঠামো উন্নয়ন নিগম লিমিটেড (এনএইচআইডিসিএল)-এর জেনারেল ম্যানেজার (প্রকল্প) হিমাংশু গুপ্তর সঙ্গে সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে বিমলেন্দু রায় সড়কের করুণ অবস্থার কথা তুলে ধরে জানান, গর্তের কারণে প্রায়শই দুর্ঘটনা ঘটছে এবং প্রতিদিনের যাতায়াতে সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। দীর্ঘদিন ধরে এই সমস্যার সম্মুখীন হওয়ায় দ্রুত সংস্কারের দাবি জানান তিনি।
প্রতিনিধিদল সূত্রে জানা গেছে, এনএইচআইডিসিএল কর্তৃপক্ষ খুব শীঘ্রই সড়ক মেরামতির কাজ শুরু করার আশ্বাস দিয়েছে।



