১৬ এপ্রিল : কর্ণাটকের বেঙ্গালুরু শহরে চাঞ্চল্যকর ঘটনা। পক্ষাঘাতগ্রস্ত মাকে পাঁচতলা থেকে ফেলে খুনের অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। এই ঘটনায় স্তম্ভিত স্থানীয় বাসিন্দারা। মৃতের নাম সাবিত্রাম্মা (৭২)। আরআর নগর এলাকা থেকে তাঁর ছেলে ভেঙ্কটেশকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে BEML লেআউট এলাকায় ঘটনাটি ঘটে। প্রায় পাঁচ বছর ধরে পক্ষাঘাতগ্রস্ত অবস্থায় বিছানায় শয্যাশায়ী ছিলেন সাবিত্রাম্মা। অভিযুক্ত ভেঙ্কটেশ মায়ের এই দীর্ঘ অসুস্থতা নিয়ে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, প্রায় ১০ বছর আগে বাবার মৃত্যুর পর থেকেই মায়ের দেখভাল করতেন ভেঙ্কটেশ। কিন্তু গত কয়েক বছরে মায়ের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে নিজের চাকরিও ছাড়তে হয়। চিকিৎসকদের তরফে জানানো হয়েছিল, সাবিত্রাম্মার সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা প্রায় নেই। ফলে ধীরে ধীরে পরিস্থিতি তাঁর কাছে অসহনীয় হয়ে ওঠে।
অভিযোগ, বুধবার মাকে পাঁচতলা থেকে ঠেলে ফেলে দেন ভেঙ্কটেশ। ঘটনার পরই পুলিশ খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। অভিযুক্তকে জেরা করে ঘটনার প্রকৃত কারণ জানার চেষ্টা চলছে।
পুলিশ জানিয়েছে, ভেঙ্কটেশের মানসিক অবস্থার মূল্যায়নের জন্য মেডিক্যাল পরীক্ষা করানো হবে। পাশাপাশি তাঁর আর্থিক পরিস্থিতিও খতিয়ে দেখা হচ্ছে। সমস্ত দিক বিবেচনায় রেখে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।



