উধারবন্দে অতীতের সব রেকর্ড ভেঙে জয়ী হবেন রাজদীপ, পৃষ্ঠা প্রমুখ সম্মেলনে দৃঢ় প্রত্যয়ী কণাদ

Spread the news

বরাক তরঙ্গ, ৩১ মার্চ : উধারবন্দে অতীতের সব রেকর্ড ভেঙে ভোটে জয়ী হবেন বিজেপি প্রার্থী রাজদীপ গোয়ালা।দৃঢ় প্রত্যয়ে বলেন রাজ্যসভার সাংসদ কণাদ পুরকায়স্থ। তিনি বলেন, জনগণের বাঁধভাঙা উচ্ছ্বাসই বলছে এই উধারবন্দ কেন্দ্রে অতীতের সব রেকর্ড ভেঙে নয়া রেকর্ড সৃষ্টি হবে। একসময়ের কংগ্রেসের এই শক্ত দুর্গে দশ বছর আগেই বিজেপির উত্থান ঘটে। আজকের দিনে তৃণমূল স্তরে দল কতটা শক্তিশালী পৃষ্ঠা প্রমুখ সম্মেলনেই সেকথা প্রতিপন্ন হয়। মঙ্গলবার দয়াপুরে উধারবন্দ বিধানসভা কেন্দ্র ভিত্তিক দলে পৃষ্ঠা প্রমুখ সম্মেলনে তারকা প্রচারক হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ কণাদ। বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, দলের মূল চালিকাশক্তি হলেন পৃষ্ঠা প্রমুখ গণ। তাদের অক্লান্ত পরিশ্রম ও ত্যাগের ফলে দল আজকে দেশ ও রাজ্যের শাসন ক্ষমতায়।প্রকৃতার্থে দলের আসল মুখ হলেন পৃষ্ঠা প্রমুখরা। প্রতি ষাটজন ভোটারের সুখ দুঃখে প্রথমেই পাশে দাঁড়াতে হয় তাঁদের। তাঁরা সঠিক ভাবে কাজ করছেন বলেই দল তৃণমূল স্তরে শক্তিশালী রয়েছে। পৃষ্ঠা প্রমুখরা দলের মেরুদন্ড, দলের জয়ের সাফল্যের চাবিকাঠি তাদের হাতেই। সাংসদ কণাদ পুরকায়স্থের আহ্বান, “আপনারা ঘরে ঘরে যান, দলীয় প্রার্থীর হয়ে সাধারণ মানুষের সঙ্গে সম্পর্ককে আরও মজবুত করুন, যাতে অতীতের সব রেকর্ড ভেঙে ভোটে জয়ী হতে পারেন রাজদীপ গোয়ালা।”

এদিন বক্তব্য প্রসঙ্গে কংগ্রেসের কড়া ভাষায় সমালোচনা করে সাংসদ কণাদ বলেন, ব্রহ্মপুত্র উপত্যকায় বহু আসনে প্রার্থী দিতে পারেনি কংগ্রেস। এরমধ্যে অন্যতম সরভোগ। সেখানে কংগ্রেস প্রার্থী দিতে পারেনি বলে বাম দলের প্রার্থীকে সমর্থন করছে। এই হল কংগ্রেসের অবস্থা। বিরোধী দলটি আজকের দিনে অস্তিত্বের সংকটে রয়েছে। সেই দল উধারবন্দে এমন এক ব্যক্তিকে প্রার্থী দিয়েছে, যিনি আঠারো বছর এই কেন্দ্রে চার বিধায়ক ও মন্ত্রী ছিলেন। এরপরও তাঁর আমলে উধারবন্দে উল্লেখযোগ্য কোনো উন্নয়ন মূলক কাজের নজির নেই। আছে শুধু ব্যর্থতা ও অকর্মণ্যতার কাহিনী। ‘অইবো সিং’বলে বিদিত সেই অজিত সিংকে উধারবন্দের মানুষ আগেই প্রত্যাখ্যান করেছেন। এনিয়ে কোন সংশয় নেই।

এদিনের সম্মেলনে প্রাসঙ্গিক বক্তব্যে  বিজেপির কাছাড় জেলা নির্বাচন ম্যানেজমেন্ট কমিটির প্রভারী রাজ্যসভার সাংসদ কবিতা পাটিদার দলীয় নীতি আদর্শে আলোকপাত করে বলেন, প্রতিটি পৃষ্ঠায় দল জয় সুনিশ্চিত করতে হবে। সেই লক্ষ্যে কাজ করতে হবে দলের পৃষ্ঠা প্রমুখদের। প্রাক্তন বিধায়ক মিহির কান্তি সোম বলেন, উধারবন্দে বিজেপির সাংগঠনিক ভিত শক্ত। সেজন্যই বিগত দিনে এই বিধানসভা কেন্দ্র থেকে দুবার বিধায়ক নির্বাচিত হতে পেরেছেন। দলের তৃণমূল স্তরের নেতা কর্মীদের অক্লান্ত পরিশ্রম ও ত্যাগের কথা অকপটে স্বীকার করেন তিনি। বিজেপির কাছাড় জেলা সভাপতি রূপম সাহা বলেন, আজকের সম্মেলনে পৃষ্ঠা প্রমুখদের উপস্থিতিই বলছে উধারবন্দে এবার রেকর্ড ভোটে জয়ী হবেন বিজেপি প্রার্থী রাজদীপ গোয়ালা। প্রাসঙ্গিক বক্তব্যে শিলচর লোকসভার সাংসদ পরিমল শুক্লবৈদ্য বলেন, আজকের দিনে দলের সাফল্যের নেপথ্যে রয়েছেন তৃণমূল স্তরের নেতাকর্মীরা।
 
এদিন সম্মেলনের শুরুতে সেখানে উপস্থিত হাজার তিনেক পৃষ্ঠা প্রমুখকে ফুল ছিটিয়ে অভ্যর্থনা জানিয়ে তাদের আশীর্বাদ কামনা করেন উধারবন্দে দলীয় প্রার্থী রাজদীপ গোয়ালা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপির প্রাক্তন সভাপতি বিমলেন্দু রায়, সংযোজক বিপ্লবকান্তি দেবনাথ, মণ্ডল সভাপতি পুলক দেব, সভাপতি উমাশঙ্কর ভট্টাচার্য ও সুজিত গোয়ালা।

   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *