দলের ভিত দুর্বল, ভোটের তিন দিন আগেই বিজেপিতে কংগ্রেস প্রার্থী তাপস

Spread the news

রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ৩০ সেপ্টেম্বর : ভোটের আর মাত্র তিন দিন বাকি। তার আগেই দলবদল করলেন শিলচর পুর নির্বাচনে কংগ্রেসের প্রার্থী তাপস দাস। তাঁর বিজেপিতে যোগদানের ঘটনায় ১৮ নম্বর ওয়ার্ডে তৈরি হয়েছে রাজনৈতিক চাঞ্চল্য।

বুধবার বিজেপির স্থানীয় নেতৃত্বের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে গেরুয়া শিবিরে যোগ দেন তাপস দাস। দল ছাড়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি দাবি করেন, ১৮ নম্বর ওয়ার্ডে কংগ্রেসের সাংগঠনিক শক্তি বর্তমানে দুর্বল হয়ে পড়েছে।

তাপস দাসের বক্তব্য, কংগ্রেসের প্রার্থী নির্বাচনে জয়ী হলেও রাজ্যে বিজেপি সরকার থাকায় উন্নয়নমূলক কাজ বাস্তবায়নের ক্ষেত্রে নানা সমস্যার মুখে পড়তে হতে পারে। ওয়ার্ডের উন্নয়নের স্বার্থেই তিনি বিজেপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।

তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং মন্ত্রী কৌশিক রায়ের উন্নয়নমূলক কর্মকাণ্ড তাঁকে অনুপ্রাণিত করেছে। মুখ্যমন্ত্রীর শিলচর সফরের সময় আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদানের পরিকল্পনার কথাও জানান তিনি।

এদিকে, তাপস দাসের পরিবারের পক্ষ থেকেও ১৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের উন্নয়নের স্বার্থে বিজেপির পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়েছে। ভোটের মুখে কংগ্রেস প্রার্থীর এই দলবদলে বিজেপি শিবিরে উৎসাহ দেখা দিলেও স্থানীয় কংগ্রেস সংগঠনে এর প্রভাব পড়তে পারে বলে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। শেষ মুহূর্তের এই রাজনৈতিক পালাবদল ১৮ নম্বর ওয়ার্ডের নির্বাচনী সমীকরণে কতটা প্রভাব ফেলে, এখন সেদিকেই নজর রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *