শিলচর পুরনিগম নির্বাচন : ১ নম্বর ওয়ার্ডে কংগ্রেস প্রার্থী নাজমিন সুলতানার সমর্থনে সভা

Spread the news

বরাক তরঙ্গ, ৩০ সেপ্টেম্বর : শিলচর পুরনিগম নির্বাচনকে সামনে রেখে ১ নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচারে জোর দিয়েছে কংগ্রেস। মঙ্গলবার কংগ্রেস প্রার্থী নাজমিন সুলতানা বড়ভূইয়ার সমর্থনে আয়োজিত হয় এক নির্বাচনী জনসভা। সভায় উপস্থিত ছিলেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি অভিজিৎ পাল, ড. অমিত কালোয়ার-সহ দলের অন্যান্য নেতা-কর্মীরা।

সভায় হাইলাকান্দির আলগাপুরের বিধায়ক জুবের এনাম মজুমদারের উপস্থিত থাকার কথা থাকলেও শারীরিক অসুস্থতার কারণে তিনি সভায় যোগ দিতে পারেননি। অসুস্থতার জন্য দুঃখপ্রকাশ করে তিনি জানান, শারীরিক অবস্থার উন্নতি হলে আগামীকাল সকাল ১১টায় ১ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী নাজমিন সুলতানা বড়ভূইয়ার বাসভবনে আয়োজিত ঘরোয়া আলোচনা সভায় তিনি অংশ নেবেন।

সভায় বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস নেতারা বিজেপির বিরুদ্ধে ধর্মীয় মেরুকরণের রাজনীতি করার অভিযোগ তোলেন। পাশাপাশি, বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা এবং ফর্ম বিলির মাধ্যমে নির্বাচনের আগে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তাঁরা। ভোটারদের সমস্ত বিষয় বিবেচনা করে নিজেদের মতামত অনুযায়ী ভোট দেওয়ার আহ্বান জানান কংগ্রেস নেতারা।

অন্যদিকে, কংগ্রেস প্রার্থী নাজমিন সুলতানা বড়ভূঁইয়া ভোটারদের কাছে সমর্থনের আবেদন জানান। তিনি বলেন, নির্বাচিত হলে ১ নম্বর ওয়ার্ডের রাস্তাঘাট, পানীয় জল, নিকাশি ব্যবস্থা এবং জল নিষ্কাশনের সমস্যাগুলি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আলোচনা করে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। এলাকার মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থনে তিনি পুরনিগমের কাউন্সিলর নির্বাচিত হবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন।
ডাঃ অমিত কালোয়ার তাঁর বক্তব্যে নাজমিন সুলতানা বড়ভূইয়াকে জয়ী করার আহ্বান জানান। তাঁর দাবি, নাজমিন নির্বাচিত হলে ১ নম্বর ওয়ার্ডের উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। বিজেপির বিরুদ্ধে প্রতিশ্রুতি রক্ষা না করার অভিযোগ তুলে তিনি আরও দাবি করেন, নির্বাচনের আগে সরকারি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত করার ভয় দেখিয়ে ভোট আদায়ের চেষ্টা চলছে।

কংগ্রেসের প্রাক্তন সভাপতি অভিজিৎ পাল তাঁর বক্তব্যে দাবি করেন, কংগ্রেস প্রার্থীদের প্রচারে সাড়া দেখে বিজেপি দিশাহারা হয়ে পড়েছে। ১ নম্বর থেকে ৪১ নম্বর ওয়ার্ড পর্যন্ত কংগ্রেস প্রার্থীদের জয় নিশ্চিত বলেও দাবি করেন তিনি। একইসঙ্গে ১ নম্বর ওয়ার্ডে নাজমিন সুলতানা বড়ভূইয়াকে জয়ী করার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান। সভায় অন্যান্য বক্তারাও কংগ্রেস প্রার্থীর সমর্থনে বক্তব্য রাখেন। দলীয় সূত্রের দাবি, এদিনের নির্বাচনী সভায় প্রায় দুই থেকে আড়াই হাজার মানুষের সমাগম হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *