স্ত্রী, পুত্র এবং দলীয় সমর্থককে সঙ্গে নিয়ে মনোনয়নপত্র দাখিল হিমন্ত বিশ্ব শর্মার

Spread the news

বরাক তরঙ্গ, ২০ মার্চ : স্ত্রী, পুত্র এবং হাজার হাজার দলীয় সমর্থককে সঙ্গে নিয়ে মনোনয়নপত্র দাখিল করলেন হিমন্ত বিশ্ব শর্মা। সপ্তমবারের জন্য জালুকবাড়ি বিধানসভা কেন্দ্র থেকে মনোনয়ন জমা দিলেন তিনি। আজ, শুক্রবার খানাপাড়া থেকে বিশাল শোভাযাত্রা করে এসে জেলা আয়ুক্তের কার্যালয়ে মনোনয়ন দাখিল করেন তিনি। জালুকবাড়ি সমষ্টির হাজার হাজার কর্মী-সমর্থক এই কর্মসূচিতে অংশ নিয়ে মুখ্যমন্ত্রীকে সমর্থন জানান। মনোনয়ন জমা দিয়ে সাধারণ মানুষের কাছে আশীর্বাদ কামনা করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি মিত্রজোটের সকল প্রার্থীকেও আশীর্বাদ দেওয়ার জন্য অসমের জনগণের প্রতি আহ্বান জানান তিনি। মনোনয়ন প্রক্রিয়ায় সহযোগিতা করার জন্য সমষ্টিবাসীর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রচারের প্রসঙ্গে তিনি বলেন, মুখ্যমন্ত্রী হিসেবে নিজের সমষ্টিতে প্রচারের জন্য খুব বেশি সময় পান না, তাই যাতায়াতের ফাঁকেই জালুকবাড়ির মানুষের সঙ্গে যোগাযোগ রাখবেন।

তিনি আরও বলেন, “ভাল কাজের আগে বৃষ্টি হলে আমরা তাকে পুষ্পবৃষ্টি বলে মনে করি। বৃষ্টিকে উপেক্ষা করে যেভাবে মানুষ উপস্থিত হয়েছেন, তার জন্য ধন্যবাদ। আগের মতোই জনগণ আশীর্বাদ দেবেন বলে আশা করছি।” জয়-পরাজয় নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, এখনই জয়ের কথা বলা অহংকারের শামিল। বিজেপি নেতৃত্বাধীন মিত্রজোট ১০২টি আসনে গুরুত্ব সহকারে নির্বাচন লড়বে এবং কিছু আসনে জয়ের বিষয়ে তিনি আত্মবিশ্বাসী। প্রতিদিন ৫-৬টি করে নির্বাচনী প্রচারে অংশ নেবেন বলেও জানান তিনি। এছাড়াও ২৩ মার্চ অতুল বরা-র মনোনয়ন দাখিলের সময় উপস্থিত থাকবেন বলেও জানান মুখ্যমন্ত্রী।

শিবসাগর আসন প্রসঙ্গে তিনি বলেন, সেখানে বিজেপিও প্রার্থী দিতে পারে এবং এ নিয়ে আলোচনা চলছে। আলোচনার ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

অন্যদিকে, চিচিবরগাঁও আসনের প্রার্থী এখনও ঘোষণা করা হয়নি। কিছু জটিলতার কারণে প্রার্থী ঘোষণায় দেরি হয়েছে বলে জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আজ সন্ধ্যার মধ্যেই ওই আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *