বরাক তরঙ্গ, ১৯ আগস্ট : বিশ্ব আলোকচিত্র দিবস উপলক্ষে গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগ এবং ফটোগ্রাফি ক্লাবের যৌথ উদ্যোগে বুধবার এক ফটোগ্রাফি কর্মশালার আয়োজন করা হয়। শিক্ষার্থীদের আলোকচিত্রের ব্যবহারিক জ্ঞান ও দক্ষতা বাড়ানোর উদ্দেশ্যে আয়োজিত কর্মশালায় বিভাগের শিক্ষার্থীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতে সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের বিভাগীয় প্রধান ড. সন্দীপা দাস শীল স্বাগত বক্তব্য রাখেন। তিনি বিশ্ব আলোকচিত্র দিবসের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি শিক্ষার্থীদের ব্যবহারিক দক্ষতা বিকাশে এ ধরনের কর্মশালার গুরুত্ব ব্যাখ্যা করেন।
কর্মশালায় বিভাগের প্রাক্তন ছাত্র ও বাণিজ্যিক আলোকচিত্রী অভিজিৎ দাস বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন। তিনি নিজের পেশাগত অভিজ্ঞতা শিক্ষার্থীদের সঙ্গে ভাগ করে নেওয়ার পাশাপাশি আলোকচিত্রের বিভিন্ন ব্যবহারিক দিক নিয়ে আলোচনা করেন। ছবি তোলার কৌশল, সৃজনশীলতা এবং যোগাযোগ ও দৃশ্যভিত্তিক গল্প বলার ক্ষেত্রে আলোকচিত্রের ভূমিকা সম্পর্কেও তিনি শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ধারণা দেন।
অনুষ্ঠানের শেষপর্বে বিশ্ববিদ্যালয়ের শৈক্ষিক নিবন্ধক ড. অভিজিৎ নাথ, ছাত্রকল্যাণ বিভাগের ডিন ড. জয়দীপ পাল এবং আসাম বিশ্ববিদ্যালয়ের ভৌতবিজ্ঞান বিদ্যালয়ের ডিন ও জ্যেষ্ঠ অধ্যাপক অত্রি দেশমুখ্য উপস্থিত ছিলেন।
অধ্যাপক অত্রি দেশমুখ্য তাঁর বক্তব্যে সমকালীন সমাজে আলোকচিত্রের গুরুত্ব ও বহুমুখী ভূমিকার কথা তুলে ধরেন। তিনি শিক্ষার্থীদের শুধু ছবি তোলার মাধ্যম হিসেবে নয়, পর্যবেক্ষণ, সৃজনশীলতা, নথিভুক্তকরণ ও কার্যকর যোগাযোগের শক্তিশালী মাধ্যম হিসেবেও আলোকচিত্রকে গ্রহণ করার আহ্বান জানান।
কর্মশালাটি শিক্ষার্থীদের মধ্যে আলোকচিত্রের প্রতি আগ্রহ ও সৃজনশীলতা বৃদ্ধির পাশাপাশি পেশাগত ক্ষেত্রে এর সম্ভাবনা সম্পর্কে বাস্তব ধারণা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।



