৩ মে : ছুটির দিনের ভোরে দিল্লির শাহদরা জেলার বিবেক বিহার এলাকায় একটি বহুতল আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই মর্মান্তিক ঘটনায় অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে এবং একাধিক ব্যক্তি আহত হয়েছেন। ঘটনাকে ঘিরে গোটা এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
জানা গেছে, রবিবার ভোর প্রায় ৩টা নাগাদ আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় ১৪টি দমকলের ইঞ্জিন এবং শুরু হয় আগুন নেভানোর কাজ। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে স্থানীয়দের আশঙ্কা, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
শাহদরা জেলার ডেপুটি পুলিশ কমিশনার (ডিসিপি) রাজেন্দ্র প্রসাদ মীনা জানান, “ভোরবেলায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে সঙ্গে সঙ্গে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।” তিনি আরও জানান, চারতলা ভবনের দ্বিতীয় তলা থেকে মৃতদেহগুলি উদ্ধার করা হয়েছে।
অগ্নিকাণ্ডের পর পুরো এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়, ফলে আতঙ্ক আরও বেড়ে যায়। প্রাথমিক তদন্তে জানা গেছে, ভবনের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ তলায় থাকা ফ্ল্যাটগুলিতে আগুন ছড়িয়ে পড়ে। উদ্ধার অভিযানে বহুতল থেকে মোট ১৫ জনের মধ্যে ১০ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। সামান্য আহত দু’জনকে চিকিৎসার জন্য গুরু তেগ বাহাদুর হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনাস্থলে ডিডিএমএ কর্মী, ট্রাফিক পুলিশ এবং স্থানীয় থানার পুলিশ উপস্থিত ছিল। তবে এখনও পর্যন্ত আগুন লাগার সঠিক কারণ নিশ্চিত করা যায়নি। ডিসিপি মীনা বলেন, “তদন্ত চলছে। ডিএনএ পরীক্ষা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত মৃতদের পরিচয় ও লিঙ্গ নির্ধারণ করা সম্ভব নয়। এখনও পর্যন্ত ৯টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং আরও দেহের সন্ধান চলছে।” প্রাথমিকভাবে শর্ট সার্কিটের কারণে আগুন লেগে থাকতে পারে বলে অনুমান করা হলেও, প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।



