২৪ সেপ্টেম্বর : আগামী ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর দেশজুড়ে টানা তিন দিনের ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে ব্যাঙ্ক কর্মীদের শীর্ষ সংগঠন ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়নস (UFBU)। এর আগে ২৬ সেপ্টেম্বর চতুর্থ শনিবার এবং ২৭ সেপ্টেম্বর রবিবার হওয়ায় সাধারণ নিয়মে ব্যাঙ্ক বন্ধ থাকার কথা ছিল। ফলে টানা পাঁচ দিন ব্যাঙ্ক পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল।
গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে কেন্দ্রীয় অর্থমন্ত্রক ২৭ সেপ্টেম্বর রবিবার সরকারি খাতের ব্যাঙ্ক ও আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্কগুলি খোলা রাখার নির্দেশ দিয়েছে। ফলে ধর্মঘট শুরুর আগে গ্রাহকেরা ব্যাঙ্কের শাখায় জরুরি কাজ সেরে নিতে পারবেন।
তবে ধর্মঘটের জেরে শাখাভিত্তিক পরিষেবা ব্যাহত হলেও ডিজিটাল ব্যাঙ্কিং পরিষেবা সচল থাকার কথা। UPI, কিউআর কোডের মাধ্যমে লেনদেন, ইন্টারনেট ও মোবাইল ব্যাঙ্কিং এবং NEFT, RTGS ও IMPS-এর মতো ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার পরিষেবা চালু থাকবে। Google Pay, PhonePe, Paytm-সহ UPI নির্ভর অ্যাপের মাধ্যমেও লেনদেন করা যাবে। এছাড়া ATM থেকে টাকা তোলার পরিষেবাও চালু থাকবে। তবে টানা ধর্মঘটের কারণে কিছু ATM-এ নগদের ঘাটতি দেখা দিতে পারে বলে আশঙ্কা রয়েছে।
সপ্তাহে পাঁচ দিন কাজের ব্যবস্থা চালু করা এবং অফিসারদের জন্য প্রস্তাবিত পারফরম্যান্স লিঙ্কড ইনসেনটিভ (PLI) ব্যবস্থা-সহ একাধিক দাবিকে কেন্দ্র করে ধর্মঘটের ডাক দিয়েছে UFBU। সংগঠনটির দাবি, দেশের বিপুল সংখ্যক ব্যাঙ্ক কর্মী ও অফিসার তাদের সঙ্গে যুক্ত থাকায় ধর্মঘটের প্রভাব শাখা স্তরের পরিষেবায় পড়তে পারে।



