৩০ জুলাই : অনুব্রত ঘনিষ্ঠ পাথর ব্যবসায়ী নাজিবুদ্দিন ওরফে টুলু মণ্ডলের আত্মীয় মিনার মণ্ডলকে গ্রেপ্তার করা হল। তাঁর বাড়িতে অভিযান চালিয়ে কোটি কোটি নগদ টাকা ও সোনা উদ্ধার করেছে পুলিশ। সূত্রের খবর, উদ্ধার হওয়া নগদের পরিমাণ প্রায় সাড়ে ২৮ কোটি টাকা। পাশাপাশি উদ্ধার হয়েছে প্রায় ১৫ কেজি সোনা। আপাতত বাড়িটিকে সিল করে দিয়েছে পুলিশ। বৃহস্পতিবারই মিনারকে সিউড়ি আদালতে হাজির করানো হবে।
মঙ্গলবার গভীর রাতে বীরভূমের (Birbhum) মহম্মদবাজার থানার পুলিশ দেউচায় মিনারের বাড়িতে আচমকা তল্লাশি অভিযান চালায়। তাঁকে ও তাঁর ছেলেকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদের পর আলমারি ও বিভিন্ন গোপন জায়গা থেকে এই বিপুল অর্থ ও সোনার হদিশ মেলে। নোট গোনার জন্য পাঁচটি মেশিন এবং টাকা নিয়ে যাওয়ার জন্য বেশ কিছু বড় ট্রাঙ্ক আনা হয়। নিরাপত্তার স্বার্থে এলাকাটি কেন্দ্রীয় বাহিনী ও বিশাল পুলিশ পুলিশবাহিনী ঘিরে ফেলে। রাতভর ‘সিজার লিস্ট’ তৈরি করা হয়। অবশেষে বৃহস্পতিবার সকালে উদ্ধার হওয়া টাকা ও সোনা বাজেয়াপ্ত করে নিয়ে যায় পুলিশ। সেই সঙ্গে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয় মিনারকে। তবে অভিযুক্ত মিনারের স্ত্রীর দাবি, সমস্ত টাকা ও সোনার আলমারির চাবি বালি ও পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের কাছেই ছিল এবং এক বছর আগে তিনি এগুলো রেখে গিয়েছিলেন।
বীরভূমে এই বিপুল নগদ টাকা ও সোনা উদ্ধারের ঘটনা নিয়ে মুখ খুলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। দুর্নীতির বিরুদ্ধে রাজ্য সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির কথা উল্লেখ করে সোশ্যাল মিডিয়ায় পুলিশি অভিযানের প্রশংসা করেছেন তিনি। দুর্নীতির সঙ্গে যুক্ত কাউকে রেয়াত করা হবে না বলে হুঁশিয়ারিও দিয়েছেন শুভেন্দু।



