৩০ জুলাই : পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া সেনা ছাউনিতে জঙ্গি হামলা। নিহত হয়েছেন অন্তত সাত জন পুলিশকর্মী। পাল্টা অভিযানে মৃত্যু হয়েছে আট জন হামলাকারীরও। ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরও ২২ জন পুলিশকর্মী। হামলার পর গোটা এলাকায় কড়া নিরাপত্তা জারি করে তল্লাশি শুরু করেছে নিরাপত্তাবাহিনী।
জেলা পুলিশের আধিকারিক তারিক হাবিব জানিয়েছেন, একটি পুলিশ তল্লাশি সেনা ছাউনিতে লক্ষ্য করে আচমকা হামলা চালায় সশস্ত্র দুষ্কৃতীদের একটি দল। পুলিশও সঙ্গে সঙ্গে পাল্টা প্রতিরোধ গড়ে তোলে। দীর্ঘক্ষণ গুলির লড়াইয়ের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আহত পুলিশকর্মীদের দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। ঘটনার পর গোটা এলাকা ঘিরে ফেলে নিরাপত্তাবাহিনী। সম্ভাব্য হামলাকারীদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। এখনও পর্যন্ত কোনও সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি। তবে আফগানিস্তান সীমান্ত-সংলগ্ন এই অঞ্চলে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-র সক্রিয়তার অভিযোেগ দীর্ঘদিনের।
তদন্তকারীদের একাংশের প্রাথমিক অনুমান, এই হামলার পিছনেও ওই জঙ্গিগোষ্ঠীর যোগ থাকতে পারে। এর কয়েক দিন আগেই খাইবার পাখতুনখোয়ার ট্যাঙ্ক জেলায় একটি নিরাপত্তা সেনা ছাউনিতে বিস্ফোরকবোঝাই গাড়ি নিয়ে হামলা হয়েছিল। সেই ঘটনায় ১৬ জনের মৃত্যু হয়। পরে নিরাপত্তাবাহিনীর অভিযানে ১২ জন সশস্ত্র হামলাকারী নিহত হয় বলে পাকিস্তানের প্রশাসন জানিয়েছিল। সাম্প্রতিক সময়ে পাকিস্তানে জঙ্গি হামলার সংখ্যা বেড়েছে। ইসলামাবাদের অভিযোগ, আফগানিস্তানের ভূখণ্ড ব্যবহার করে টিটিপি হামলার পরিকল্পনা করছে। যদিও আফগানিস্তানের তালেবান সরকার সেই অভিযোগ বারবার খারিজ করেছে। এই ইস্যুকে কেন্দ্র করে দুই দেশের সীমান্তে উত্তেজনাও ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।



