বরাক তরঙ্গ, ২৭ মে : ঈদের প্রাক্কালে গোমাংস বিক্রির অভিযোগে হাইলাকান্দি ও বড়খলায় পৃথক অভিযানে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ গোমাংস।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে হাইলাকান্দি শহরের ১১ নম্বর ওয়ার্ডের সিরাজপট্টি বাজার এলাকায় অভিযান চালায় হাইলাকান্দি পুলিশ। অভিযানে প্রকাশ্যে বিক্রির উদ্দেশ্যে রাখা প্রায় ৮.৫ কেজি গোমাংস বাজেয়াপ্ত করা হয়। একই সঙ্গে ঘটনাস্থল থেকে দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়। ধৃতরা হলেন আনোয়ার হোসেন লস্কর এবং মোক্তার আলি লস্কর। পুলিশ জানিয়েছে, গো-মাংস বিক্রিকে কেন্দ্র করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে।
অন্যদিকে, অবৈধভাবে গোমাংস বিক্রির অভিযোগে বড়খলা থানার পুলিশ উজানগ্রাম এলাকা থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। মঙ্গলবার গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করা হয়।
পুলিশ সূত্রে আরও জানা গেছে, কয়েকদিন আগে মাসিমপুর বাগান এলাকায় এক ব্যক্তির কাছ থেকে গোমাংস উদ্ধার হওয়ার ঘটনায় বড়খলা থানায় একটি মামলা রুজু করা হয়েছিল। সেই মামলার তদন্তে নেমে বদরপুর মাসিমপুর জিপির এক ব্যক্তিকে আগেই গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়। এরপর থেকেই মূল অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছিল পুলিশ।
বড়খলা থানার ওসি কুলেন্দ্র কুমার হুজুরির নেতৃত্বে মঙ্গলবার পরিচালিত অভিযানে উজানগ্রাম এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। বুধবার তাকে শিলচর আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।



