বরাক তরঙ্গ, ২৭ মে : ঈদ-উল আজহার প্রাক্কালে শিলচর শহরের রামনগর ১৭ নম্বর ওয়ার্ডের আনোয়ারপার টুকরগ্রামের দীর্ঘদিনের বিদ্যুৎ সমস্যার অবসান ঘটেছে। বিকল ট্রান্সফরমার মাত্র তিন দিনের মধ্যেই মেরামত করে পুনরায় বিদ্যুৎ পরিষেবা চালু করায় এলাকাজুড়ে খুশির হাওয়া বইছে।
স্থানীয় বাসিন্দারা এই দ্রুত পদক্ষেপের জন্য শিলচরের বিধায়ক রাজদীপ রায় এবং সাংসদ পরিমল শুক্লবৈদ্যকে ধন্যবাদ জানিয়েছেন। বিজেপি মাইনরিটি মোর্চার জেলা সভাপতি আতাউর রহমান লস্কর জানান, ট্রান্সফরমার বিকল হয়ে পড়ায় কয়েকদিন ধরে গোটা এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হচ্ছিল। এতে চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ।
সমস্যার দ্রুত সমাধানের দাবিতে এলাকাবাসী বিধায়ক রাজদীপ রায়ের সঙ্গে যোগাযোগ করেন। তবে তিনি বিধানসভা অধিবেশনের কাজে ব্যস্ত থাকায় সাংসদ পরিমল শুক্লবৈদ্যের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন। পরে সাংসদের হস্তক্ষেপে বিদ্যুৎ বিভাগ দ্রুত ব্যবস্থা গ্রহণ করে এবং মাত্র তিন দিনের মধ্যেই বিকল ট্রান্সফরমার মেরামত করে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করে। ঈদের আগে বিদ্যুৎ ফিরে পাওয়ায় আনোয়ার পাড় এলাকার বাসিন্দাদের মধ্যে স্বস্তি ও আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর বক্তব্য, দ্রুত উদ্যোগ নেওয়ায় উৎসবের সময় বড় সমস্যার হাত থেকে রক্ষা পেয়েছেন তারা।



