বরাক তরঙ্গ, ৩ জুলাই : গাড়ি কেনার উদ্দেশ্যে নগদ ২ লক্ষ টাকা নিয়ে আগরতলায় এসে ছিনতাইয়ের শিকার হলেন সব্রুমের এক বাসিন্দা। ঘটনার অভিযোগ পাওয়ার পর দ্রুত তদন্তে নেমে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পূর্ব থানার পুলিশ। তাদের কাছ থেকে ছিনতাই হওয়া টাকার মধ্যে ১ লক্ষ ৩৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
জানা গেছে, সব্রুমের বাসিন্দা ধনঞ্জয় ত্রিপুরা একটি গাড়ি কেনার জন্য নগদ ২ লক্ষ টাকা নিয়ে আগরতলার লালবাহাদুর এলাকায় রাজেশ ত্রিপুরার ভাড়া বাড়িতে যান। সেখানে গিয়ে রাজেশকে না পেয়ে অপেক্ষা করার সময় ৩ থেকে ৪ জন দুষ্কৃতী আচমকা তাঁর ওপর হামলা চালায়। অভিযুক্তরা তাঁকে মারধর করে নগদ ২ লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ঘটনার পর ধনঞ্জয় ত্রিপুরা পূর্ব থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ তদন্ত শুরু করে। তদন্তের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে লালবাহাদুর এলাকা থেকে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে সদর এসডিপিও দেবপ্রসাদ রায় জানান, ধৃতদের আদালতে হাজির করে পুলিশি রিমান্ডের আবেদন জানানো হবে। তিনি বলেন, অভিযুক্তদের কাছ থেকে ছিনতাই হওয়া টাকার মধ্যে ১ লক্ষ ৩৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত পলাতক অন্য অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।



