বরাক তরঙ্গ, ৩ জুলাই : রাজ্যের চলমান বন্যা পরিস্থিতিতে নদীবেষ্টিত ও দুর্গম এলাকার বাসিন্দাদের জরুরি স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করতে কোকরাঝাড় জেলায় চালু করা হয়েছে নৌকা অ্যাম্বুলেন্স পরিষেবা। এনটিপিসি বঙাইগাঁওয়ের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচির আওতায় এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রতিবছর বন্যার সময় যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়া বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। সেই সমস্যা মোকাবিলায় একাধিক নৌকা অ্যাম্বুলেন্স চালু করা হয়েছে, যাতে জরুরি পরিস্থিতিতে রোগীদের দ্রুত স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে পৌঁছে দেওয়া সম্ভব হয়।
বিশেষভাবে গর্ভবতী মহিলা, নবজাতক ও শিশু, প্রবীণ নাগরিক এবং গুরুতর অসুস্থ রোগীরা এই পরিষেবার মাধ্যমে সবচেয়ে বেশি উপকৃত হবেন বলে জানানো হয়েছে। বন্যার কারণে বিচ্ছিন্ন হয়ে পড়া এলাকাগুলিতেও এখন জরুরি চিকিৎসা পরিষেবা আরও সহজলভ্য হবে।
উদ্যোগটির মূল লক্ষ্য হলো বন্যার মধ্যেও স্বাস্থ্য পরিষেবা যাতে কোনোভাবেই ব্যাহত না হয় এবং প্রয়োজনীয় চিকিৎসা দ্রুত দুর্গম এলাকার মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া যায়। স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে একে বন্যাকবলিত মানুষের জন্য অত্যন্ত সময়োপযোগী ও মানবিক পদক্ষেপ বলে অভিহিত করেছেন।



