নিপ্পু লস্কর, সোনাই।
বরাক তরঙ্গ, ৩ জুলাই : সোনাইয়ের এপিজে আব্দুল কালাম সিনিয়র সেকেন্ডারি স্কুলে এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগকে কেন্দ্র করে প্রতিবাদের নামে ভাঙচুরের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্কুলের একাংশ অভিভাবক। শুক্রবার সোনাই শহরে আয়োজিত এক সভায় তাঁরা জানান, স্কুলের অধ্যক্ষের বিরুদ্ধে ওঠা অভিযোগের ভিত্তিতে পুলিশ ইতিমধ্যেই তাঁকে গ্রেপ্তার করেছে। ঘটনায় তাঁরাও গভীরভাবে মর্মাহত এবং নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
অভিভাবকদের বক্তব্য, অভিযোগের প্রতিবাদ জানানো গণতান্ত্রিক অধিকার হলেও সেই অজুহাতে শিক্ষাপ্রতিষ্ঠানে ভাঙচুর চালানো, স্কুলের গেটে তালা ঝুলিয়ে পাঠদান বন্ধ করে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে পড়ুয়ারাই। তাই অবিলম্বে স্কুলে স্বাভাবিক পঠনপাঠন শুরু করার জন্য কর্তৃপক্ষের কাছে দাবি জানান তাঁরা।
সভা শেষে অভিভাবকদের একটি প্রতিনিধি দল সোনাইয়ের সার্কেল অফিসার এবং থানার ভারপ্রাপ্ত আধিকারিক (ওসি)-এর সঙ্গে সাক্ষাৎ করে একটি স্মারকলিপি জমা দেন। স্মারকলিপিতে ভাঙচুরের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং দ্রুত স্কুলে শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানানো হয়।
এদিকে, স্কুলে ভাঙচুরের ঘটনায় প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর আওলাদ হোসেন মজুমদার সোনাই থানায় লিখিত এজাহার দায়ের করেছেন। পাশাপাশি, শ্লীলতাহানির মামলায় অধ্যক্ষ এস. জ্ঞানাবেল গ্রেপ্তার হওয়ায় তাঁকে সাময়িকভাবে বিদ্যালয়ের দায়িত্ব থেকে বরখাস্ত করা হয়েছে।



