শমীন্দ্র পাল, কাটিগড়া।
বরাক তরঙ্গ, ১৬ আগস্ট : স্বাধীনতা দিবসের উৎসবের মধ্যেই কাছাড়ের কাটিগড়ায় ঘটে গেল মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। শনিবার ভর দুপুরে ছয় নম্বর জাতীয় সড়কের মোহনপুর এলাকায় শ্রমিক বোঝাই একটি টাটা ম্যাজিক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। দুর্ঘটনায় গাড়িতে থাকা ১০ জন শ্রমিক আহত হন। তাঁদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, AS-11-DC-4840 নম্বরের টাটা ম্যাজিকটি শ্রমিকদের নিয়ে যাওয়ার সময় মোহনপুর এলাকায় জাতীয় সড়কের উপর আচমকাই নিয়ন্ত্রণ হারায়। এরপর গাড়িটি উল্টে যায়। গাড়িটির পেছনে সিমেন্ট, কংক্রিট ও বালুর মিশ্রণ তৈরির একটি যন্ত্রচালিত মেশিনও বাঁধা ছিল বলে জানা গেছে।
দুর্ঘটনার অভিঘাতে গাড়িতে থাকা কয়েকজন শ্রমিক ছিটকে জাতীয় সড়কের উপর পড়ে যান।
ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে কাটিগড়া মডেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
চিকিৎসার পর সাতজন আহত শ্রমিককে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হলেও তিনজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁদের শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। আশঙ্কাজনক অবস্থায় স্থানান্তরিত তিনজন হলেন – হিলাড়ার বাসিন্দা নীলা বরাই (৪২), কালাইন বাগানের মনি কর্মকার (৩০), এবং কালাইনের দেবা তাঁতি (২৭)। দুর্ঘটনার পর মোহনপুর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। প্রশ্ন উঠেছে, একটি টাটা ম্যাজিকের মতো গাড়িতে কীভাবে এত শ্রমিককে পরিবহণ করা হচ্ছিল এবং একই সঙ্গে পেছনে ভারী যন্ত্র বহন করা হচ্ছিল? জাতীয় সড়কে শ্রমিক পরিবহণের ক্ষেত্রে নিরাপত্তাবিধি মানা হয়েছিল কি না, গাড়িতে অতিরিক্ত যাত্রী বা ভার ছিল কি না – এসব বিষয়ও দুর্ঘটনার প্রকৃত কারণ নির্ধারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
ঘটনার খবর পেয়ে কাটিগড়া পুলিশ দুর্ঘটনাগ্রস্ত টাটা ম্যাজিকটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ।



