বরাক তরঙ্গ, ২৪ আগস্ট : শিলচরের ইটখোলা অসম মণিপুরি কলা অ্যাকাডেমিতে ইয়ুথস এগেইনস্ট সোশ্যাল ইভিলস (ইয়াসি) এবং প্রভাবতী দেবী চ্যারিটেবল ট্রাস্টের যৌথ উদ্যোগে বিনামূল্যে ছানি শনাক্তকরণ ও চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে মোট ৭৫ জন রোগীর চক্ষু পরীক্ষা করা হয়। চৌধুরী আই হাসপাতাল, শিলচরের চিকিৎসক ডাঃ তেজা টি এবং অপটোমেট্রিস্ট অভ্রনীল চক্রবর্তী রোগীদের চক্ষু পরীক্ষা করেন। পরীক্ষায় ১৪ জনের গুরুতর ছানি সমস্যা শনাক্ত হয়। শনাক্ত হওয়া সকল রোগীর চৌধুরী আই হাসপাতালে নির্ধারিত তারিখ অনুযায়ী এক সপ্তাহের মধ্যে বিনামূল্যে ছানি অস্ত্রোপচার করা হবে বলে জানানো হয়েছে। পাশাপাশি শিবিরে রোগীদের মধ্যে বিনামূল্যে ওষুধও বিতরণ করা হয়।
শিবিরে উপস্থিত ছিলেন ক্যাম্পের সমন্বয়ক তন্দন সিংহা, অসম মণিপুরি কলা অ্যাকাডেমির সম্পাদক বিরোজিৎ সিংহা, ইয়াসি-এর ক্যাম্প ইনচার্জ বান্দিতা ত্রিবেদী রায়, সদস্য গণেশ মণ্ডল, আহাদ বড়ভূইয়া, মনোজ কালোয়ার, নিখিল দাস, সুস্মিতা দাস ও প্রসন্ন দাস। উপস্থিত ছিলেন ইয়াসি কেন্দ্রীয় কমিটির সভাপতি সঞ্জীব রায়ও। প্রভাবতী দেবী চ্যারিটেবল ট্রাস্টের ম্যানেজার দেবজ্যোতি দাস শিবিরের সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

ইয়াসি-র ক্যাম্প ইনচার্জ বান্দিতা ত্রিবেদী রায় জানান, দুই সংগঠন দীর্ঘদিন ধরে কাছাড় জেলার বিভিন্ন প্রান্তে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও ছানি শনাক্তকরণ শিবির আয়োজন করে আসছে। ভবিষ্যতেও এই ধরনের মানবিক কর্মসূচি অব্যাহত থাকবে।



