কাছাড়ে আরপি লাইসেন্সধারী ওষুধ ব্যবসায়ীদের সভা

Spread the news

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ২৪ মে : কাছাড় জেলায় রেজিস্টার্ড ফার্মাসিস্ট (আরপি) লাইসেন্সের মাধ্যমে ওষুধ ব্যবসা পরিচালনাকারী ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়া নিয়ে রবিবার রাঙ্গিরখাড়ি এক বিবাহ ভবনে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। জেলার বিভিন্ন প্রান্ত থেকে বহু ওষুধ ব্যবসায়ী এই সভায় উপস্থিত ছিলেন।

সভায় অংশগ্রহণকারী ব্যবসায়ীরা আরপি লাইসেন্সের আওতায় ব্যবসা পরিচালনার ক্ষেত্রে প্রতিনিয়ত যে নানা সমস্যার মুখোমুখি হতে হচ্ছে, তা বিস্তারিতভাবে তুলে ধরেন। বিশেষ করে প্রশাসনিক জটিলতা, লাইসেন্স নবায়ন সংক্রান্ত অসুবিধা, বিভিন্ন নিয়মকানুনের অসামঞ্জস্যতা এবং ভবিষ্যতে সম্ভাব্য প্রতিবন্ধকতা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়।

বক্তারা জানান, কাছাড় জেলায় হাজারো ব্যবসায়ী আর পি লাইসেন্সের মাধ্যমে ব্যবসা চালালেও তাদের স্বার্থরক্ষায় বা প্রশাসনের কাছে দাবি তুলে ধরার জন্য কোনো স্বতন্ত্র সংগঠন নেই। ফলে ব্যবসায়ীদের সমস্যার দ্রুত ও কার্যকর সমাধান পাওয়া কঠিন হয়ে পড়ছে।
এই পরিস্থিতিতে জেলার সমস্ত ঔষধ ব্যবসায়ীদের নিয়ে একটি ঐক্যবদ্ধ ও সমন্বিত কমিটি গঠনের প্রস্তাব সভায় সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। প্রস্তাবিত এই কমিটি ভবিষ্যতে ব্যবসায়ীদের বিভিন্ন সুবিধা-অসুবিধা নিয়ে কাজ করার পাশাপাশি প্রশাসনিক ও নীতিগত সমস্যার সমাধানে সক্রিয় ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করা হয়।

সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, আগামী ৩১ মে রবিবার সকাল ১১টায় শিলচরের রাঙ্গিরখাড়ি পেট্রোল পাম্পের সম্মুখে অবস্থিত মাতৃভবন বিবাহ ভবনে জেলা পর্যায়ের এক বৃহত্তর সভার আয়োজন করা হবে। ওই সভায় জেলার সকল ঔষধ ব্যবসায়ীর উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে কমিটি গঠন করা হবে। সভার আহ্বায়ক সুবোধ দাস জেলার সকল ওষুধ ব্যবসায়ীকে আগামী সভায় উপস্থিত থাকার জন্য আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *