বিহাড়া রেলস্টেশনে দুই গুরুত্বপূর্ণ ট্রেনের স্টপেজের দাবি, রেলমন্ত্রীকে চিঠি পরিমলের

Spread the news

বরাক তরঙ্গ, ১২ নভেম্বর : কাছাড় জেলার বিহাড়া রেলওয়ে স্টেশনে দু’টি গুরুত্বপূর্ণ এক্সপ্রেস ট্রেনের বাণিজ্যিক স্টপেজ চালুর দাবিতে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের দ্বারস্থ হলেন শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য। বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ তারিখে রেলমন্ত্রীকে চিঠি লিখে এই দাবি উত্থাপন করেন তিনি।

সাংসদের আবেদনে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের অধীনস্থ বিহারা স্টেশনে ১৪০৩৭/১৪০৩৮ নম্বর শিলচর–নতুন দিল্লি পূর্বোত্তর সম্পূর্ণ ক্রান্তি এক্সপ্রেস এবং ১৫৬০৯/১৫৬১০ নম্বর সাইরাং–গুয়াহাটি এক্সপ্রেসের আপ ও ডাউন উভয় দিকেই দুই মিনিটের বাণিজ্যিক স্টপেজ চালুর প্রস্তাব রাখা হয়েছে।

চিঠিতে পরিমল শুক্লবৈদ্য উল্লেখ করেন, শিলচর লোকসভা কেন্দ্রের কালীবাড়ি–বিক্রমপুর জেলা পরিষদ এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি এই দুটি গুরুত্বপূর্ণ ট্রেনের বিহাড়া স্টেশনে যাত্রাবিরতি। কাছাড় জেলার বিস্তীর্ণ গ্রামীণ ও জনবহুল এলাকার মানুষের কাছে বিহারা রেলস্টেশন যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। প্রতিদিন বহু ছাত্রছাত্রী, নিত্যযাত্রী, প্রবীণ নাগরিক, রোগী এবং ব্যবসায়ী এই স্টেশনের উপর নির্ভরশীল।

কিন্তু দু’টি ট্রেনের স্টপেজ না থাকায় যাত্রীদের দূরবর্তী স্টেশনে গিয়ে ট্রেন ধরতে হচ্ছে। ফলে অতিরিক্ত অর্থব্যয়ের পাশাপাশি সময়েরও অপচয় হচ্ছে। বিশেষ করে আর্থিকভাবে দুর্বল পরিবার, অসুস্থ রোগী ও প্রবীণ নাগরিকদের ভোগান্তি আরও বেশি বলে চিঠিতে উল্লেখ করেছেন সাংসদ।

তিনি জানান, বিহাড়া স্টেশনে দুই মিনিটের বাণিজ্যিক স্টপেজ চালু করা হলে এলাকার হাজার হাজার মানুষ সরাসরি উপকৃত হবেন। পাশাপাশি আঞ্চলিক রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের সঙ্গে বিহাড়া ও পার্শ্ববর্তী এলাকার আর্থসামাজিক অগ্রগতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।

এলাকাবাসীর দীর্ঘদিনের এই দাবির প্রতি গুরুত্ব দিয়ে কেন্দ্রীয় রেলমন্ত্রী দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন বলে আশা প্রকাশ করেছেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *