
মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১২ নভেম্বর : মাদকমুক্ত সমাজ গঠন এবং যুবসমাজকে নেশার করাল গ্রাস থেকে রক্ষা করার লক্ষ্যে পাথারকান্দি কেন্দ্রের লোয়াইরপোয়া ব্লকের সীমান্তবর্তী বালিপিপলা গ্রাম পঞ্চায়েতে অনুষ্ঠিত হলো এক বিশেষ সচেতনতামূলক সভা। স্থানীয় গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষের উদ্যোগে রাঙ্গামাটি ভৈরববাড়িতে আয়োজিত এই সভায় শতাধিক মহিলা অংশগ্রহণ করেন। মাদকবিরোধী আন্দোলন জোরদার করার পাশাপাশি এলাকায় ক্রমবর্ধমান গরু চুরির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন তাঁরা।
সভায় উপস্থিত মহিলারা মাদকদ্রব্যের অবৈধ কারবার ও পাচার সম্পূর্ণ বন্ধ করার দাবি জানান। তাঁদের বক্তব্য, নেশার কবলে পড়ে এলাকার বহু যুবক বিপথগামী হচ্ছে। এর কুপ্রভাব পড়ছে পরিবার ও সামগ্রিক সমাজজীবনে। তাই আগামী প্রজন্মকে রক্ষা করতে প্রশাসনের পাশাপাশি অভিভাবক ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।

সভা শেষে বালিপিপলা গ্রাম পঞ্চায়েতের সভানেত্রীর প্রতিনিধি শ্রীমৎ দাস জানান, মিজোরাম ও ত্রিপুরা সীমান্তসংলগ্ন হওয়ায় এই এলাকায় মাদক পাচারের আশঙ্কা রয়েছে। পুলিশ প্রশাসনের ধারাবাহিক অভিযানে পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও মাদক কারবারের শিকড় উপড়ে ফেলতে আরও কঠোর পদক্ষেপ প্রয়োজন।



