লালার মর্নিং গ্লোরি স্কুলে রক্তদান সচেতনতা সভা, অংশ নিল শতাধিক পড়ুয়া

Spread the news

বরাক তরঙ্গ, ১২ নভেম্বর : রক্তদানের গুরুত্ব, প্রয়োজনীয়তা ও সামাজিক দায়বদ্ধতা সম্পর্কে ছাত্রছাত্রীদের মধ্যে সচেতনতা গড়ে তুলতে বৃহস্পতিবার লালার মর্নিং গ্লোরি সিনিয়র সেকেন্ডারি স্কুলে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। বরাক ভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের হাইলাকান্দি জেলা সমিতির উদ্যোগে আয়োজিত এই সভায় নবম থেকে দ্বাদশ শ্রেণির শতাধিক ছাত্রছাত্রী অংশগ্রহণ করে।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় আয়োজিত সভার শুরুতে স্কুলের অধ্যক্ষ রাজু ভৌমিক উপস্থিত অতিথিদের সঙ্গে ছাত্রছাত্রীদের পরিচয় করিয়ে দেন। এরপর ফোরামের জেলা সভাপতি সুশান্ত মোহন চট্টোপাধ্যায় ও সম্পাদক রঞ্জিৎ ঘোষ রক্তদান সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

বক্তারা রক্তের গ্রুপ, রক্তের বিভিন্ন উপাদান, রক্তদানের উপযুক্ত বয়স ও ব্যবধান, রক্তদানের পর প্রয়োজনীয় সতর্কতা এবং দেহে রক্তের স্বাভাবিক ঘাটতি পূরণের প্রক্রিয়া সম্পর্কে পড়ুয়াদের অবহিত করেন। পাশাপাশি থ্যালাসেমিয়া, ক্যানসার, প্রসবকালীন জটিলতা এবং রক্তাল্পতায় আক্রান্ত রোগীদের চিকিৎসায় রক্তের অপরিহার্য ভূমিকার বিষয়টিও তুলে ধরেন। নিয়ম মেনে রক্তদান করলে রক্তদাতার শারীরিক ও সামাজিক ক্ষেত্রে কী ধরনের ইতিবাচক প্রভাব পড়ে, সে বিষয়েও তাঁরা আলোকপাত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *