১২ নভেম্বর : দীপাবলিতে আতসবাজির কারণে দূষণ নিয়ে দেশজুড়ে চলা চর্চার মাঝেই বাজির প্রাচীন ভূমিকা নিয়ে বক্তব্য রাখলেন আরএসএস (RSS) প্রধান মোহন ভাগবত (Mohan Bhagwat)। তাঁর মতে, অতীতে আতসবাজি তৈরিতে রাসায়নিক ব্যবহার করা হতো না। বরং প্রাচীন পদ্ধতির বাজির ধোঁয়া মশা-মাছিসহ ক্ষতিকর কীটপতঙ্গ দূর করে পরিবেশ পরিষ্কার রাখতে সাহায্য করত।
বুধবার নাগপুরে মহেশ্বরী পঞ্চায়েত আয়োজিত একটি দীপাবলি উৎসবে অংশ নিয়েছিলেন ভাগবত। সেখানে তিনি উল্লেখ করেন, ঘি ও তেলের প্রদীপ প্রজ্বলনের মাধ্যমেও এক বিশেষ ধরনের বায়ু সৃষ্টি হয়। প্রাচীন এসব প্রথা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি দিয়ে বুঝে পালন করা প্রয়োজন বলে মনে করেন তিনি। তাঁর কথায়, ঐতিহ্যের অন্তর্নিহিত বিজ্ঞানকে বুঝলে পরিবেশের শুদ্ধতার পাশাপাশি জীবনে আনন্দও নেমে আসে।

ফসল কাটার মরসুমে প্রাচীন বাজির উপযোগিতার কথা তুলে ধরে ভাগবত বলেন, অতীতে রাসায়নিকহীন বাজির ধোঁয়া কৃষিকাজ ও পারিপার্শ্বিক অঞ্চলের ক্ষতিকর পোকা দমনে বিশেষ কার্যকর ভূমিকা নিত। পাশাপাশি ভারতীয় সংস্কৃতিতে উৎসবের তাৎপর্য স্মরণ করিয়ে দিয়ে তিনি জানান, উৎসব সমাজকে সজীব রাখে। কিছু ব্যক্তি বাধা সৃষ্টির চেষ্টা করলেও ভারতীয় ঐতিহ্য ও পরম্পরা কখনও স্তব্ধ হবে না।
খবর : উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল।




