আব্দুল হক, সোনাই।
বরাক তরঙ্গ, ১২ নভেম্বর : মোবাইল ব্যবহারে ছাত্রছাত্রীদের জীবন ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। বিশেষ করে কচিকাঁচা শিশুদের হাতে মোবাইল ফোন তোলে দেওয়ার প্রবণতা বাড়ছে।অভিভাবকদের অবহেলার মধ্যে মোবাইল ফোন শিশুর জীবন ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে এমন অভিযোগ উঠে স্কুল পরিচালন কমিটির সভায়।বৃহস্পতিবার সাতকরাকান্দি দ্বিতীয় খণ্ডে ৯৬০ নম্বর এলপি স্কুল পরিচালন কমিটির ১ম সভায় শিশুদের মোবাইল ফোন থেকে দূরে রাখার আহ্বান জানানো হয়। বিশিষ্ট ব্যক্তি আব্দুল সালাম লস্করের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন জিপি সভানেত্রীর প্রতিনিধি তথা স্কুল পরিচালন কমিটির পিআরআই সদস্য রেবুল হোসেন লস্কর বলেন, পিআরআই সদস্য হিসেবে জরুরি কাজে বিভিন্ন বাড়িতে যেতে হয়। এতে অধিকাংশ পরিবারে শিশুদের হাতে মোবাইল ফোন দেখতে পেয়েছেন বলে উদ্বেগ প্রকাশ করেন। এমনকি মায়েরা বিশ্রামের লক্ষ্যে স্কুল পড়ুয়া শিশু ছাত্রদের হাতে মোবাইল ফোন তোলে দেওয়ার মত ঘটনা মূলতঃ শিশুর পড়াশুনোয় ব্যাঘাত ঘটছে। তাই শিশুদের মোবাইল ফোন থেকে দূরে রেখে শিশুটির পড়াশুনার দিকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।

রেবুল হোসেন বলেন, সাতকরাকান্দি গ্রামের ঐতিহ্য রয়েছে বিভিন্ন দিকে।শিক্ষা আর চাকরিজীবীর সংখ্যা অন্য গ্রামের চেয়ে অনেকটা এগিয়ে রয়েছে।তাই ঐতিহ্যকে ধরে রাখতে শিশুদের পড়াশোনার দিকে মায়েদের বিশেষ ভূমিকা পালনের অনুরোধ জানান।তিনি বলেন স্কুল ছুটির পর যানবাহনে ব্যস্ততম রাস্তায় অনেকটা ঝুকি থাকে।এসময় দুই রাধুনি শিশুদের সুরক্ষায় বিশেষ ভূমিকা পালন করলে বছরে জনপ্রতি তিনটি উপহার দিবেন বলে আশ্বাস দেন।স্কুল পরিচালন কমিটির বিদায়ী সভাপতি বুরহান উদ্দিন লস্কর নবগঠিত পরিচালন কমিটির সভাপতি হাছিনা বেগম লস্করকে দায়িত্ব সমঝে দিয়ে স্কুলের ঐতিহ্য রক্ষায় অভিভাবকদের বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।

সিআরসি বাবুল আহমদ লস্কর বলেন, শিক্ষার উন্নয়নে সরকার বিভিন্ন সুবিধা দিচ্ছে। শিক্ষকরা দায়িত্বে ফাঁকি দেওয়ার মত সুযোগ নেই।এরপরও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের দাপটে সরকারি স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা কমছে বলে উদ্বেগ প্রকাশ করেন।তিনি বলেন ছাত্রছাত্রীরা সঠিক শিক্ষা লাভ করছে কিনা সেই খবর রাখা প্রত্যেক অভিভাবক স্কুল পরিচালন কমিটির দায়িত্ব। তিনি বলেন, সেই দায়িত্ব পালন করলে ছাত্রছাত্রীর শিক্ষা লাভ করা সম্ভব বলে অভিমত ব্যক্ত করেন। সভায় ছাত্রছাত্রীদের উপস্থিতির ভিত্তিতে লটারির মাধ্যমে পুরস্কৃত করা হয়। গোটা অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক নন্দো দাস।




