বরাক তরঙ্গ, ৫ অক্টোবর : দুর্গাপূজার প্রাক্কালে সামাজিক দায়বদ্ধতার বার্তা নিয়ে পাতিচেরা চা বাগানের প্রায় ১৫০ জন মহিলার হাতে নতুন শাড়ি তুলে দিল পঙ্কজ ঘোষ ফাউন্ডেশন। রবিবার আয়োজিত এই কর্মসূচিকে ঘিরে চা বাগান এলাকায় উৎসবের আবহ তৈরি হয়।
অনুষ্ঠানে ডাঃ প্রসেনজিৎ ঘোষ বলেন, দেশের এই অঞ্চলে দুর্গাপূজা অন্যতম বৃহৎ উৎসব। এই উৎসবে প্রত্যেকেই নতুন পোশাক পরার আনন্দ উপভোগ করতে চান। সমাজের প্রান্তিক মানুষের মুখেও উৎসবের হাসি ফোটানোর লক্ষ্যেই ফাউন্ডেশনের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।
অনুষ্ঠানটি তত্ত্বাবধান করেন পাটিচেরা চা-বাগানের ম্যানেজার এস. দেবরায়। ফাউন্ডেশনের এই উদ্যোগে উপকৃত মহিলারা সন্তোষ প্রকাশ করেন।
এদিনের কর্মসূচিতে ডাঃ প্রসেনজিৎ ঘোষের পাশাপাশি উপস্থিত ছিলেন অঙ্কিতা ঘোষ, প্রতীতি ঘোষ, অমলেন্দু বসাক, জয়গোবিন্দ চক্রবর্তী, অগ্রদীপ দত্ত এবং দেবতোষ নন্দী। তাঁদের উপস্থিতিতে মহিলাদের মধ্যে নতুন শাড়ি বিতরণ করা হয়। উৎসবের আগে এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন চা বাগানের বাসিন্দারাও।



