বরাক তরঙ্গ, ১৯ নভেম্বর : উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নে গাফিলতি, অবহেলা কিংবা নিম্নমানের কাজ কোনওভাবেই বরদাস্ত করা হবে না। উন্নয়নের নামে সাধারণ মানুষকে দুর্ভোগের মুখে ঠেলে দেওয়া চলবে না। বৃহস্পতিবার কাছাড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত শিলচর লোকসভা কেন্দ্রের জেলা উন্নয়ন সমন্বয় ও পর্যবেক্ষণ কমিটি (দিশা)-র বৈঠকে এমনই কড়া বার্তা দিলেন কমিটির চেয়ারম্যান তথা সাংসদ পরিমল শুক্লবৈদ্য।
বৈঠকে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক ও পরিকাঠামোগত প্রকল্পের অগ্রগতি, কাজের গুণগত মান এবং নির্ধারিত সময়সীমা নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। NHIDCL, পূর্ত দফতর (PWD), জনস্বাস্থ্য কারিগরি, স্বাস্থ্য, কৃষি, সমাজকল্যাণ, শিক্ষা, পরিবহণ, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন, জলসম্পদ, সেচ-সহ বিভিন্ন বিভাগের আধিকারিকরা নিজ নিজ দফতরের কাজের খতিয়ান তুলে ধরেন। পাশাপাশি MPLADS ও MLALADS প্রকল্পের অগ্রগতিও পর্যালোচনা করা হয়।

বৈঠকে বিশেষভাবে বড়খলা-বিহাড়া আসাম মালা প্রকল্পের নির্মাণকাজ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন সাংসদ। প্রকল্পের কাজে গাফিলতি, নিম্নমানের রক্ষণাবেক্ষণ এবং এর ফলে সাধারণ মানুষের দুর্ভোগের বিষয়টি তুলে ধরে বড়খলা-কাটিগড়া রোড ডিভিশনের কার্যনির্বাহী বাস্তুকারকে ভর্ৎসনা করেন তিনি। রাস্তার বেহাল অবস্থা, নির্মাণকাজে ধীরগতি, অতিরিক্ত ধুলোবালি, পানীয় জলের পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়া এবং নিরাপদ যাতায়াতের অভাব নিয়ে অসন্তোষ প্রকাশ করে অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। দায়িত্বে অবহেলা প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।
এদিকে, শিলচর লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় NHIDCL-এর সড়ক নির্মাণের সময় পানীয় জলের পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় দীর্ঘদিন ধরে জল সরবরাহ ব্যাহত হচ্ছে বলে অভিযোগ ওঠে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে ক্ষতিগ্রস্ত পাইপলাইন দ্রুত মেরামত ও পুনঃস্থাপনের জন্য সংশ্লিষ্ট বিভাগ এবং NHIDCL-কে সমন্বয়ের মাধ্যমে কাজ করার নির্দেশ দেন দিশা কমিটির চেয়ারম্যান।
বৈঠকে জেলার বিভিন্ন বিদ্যালয়ের ভবন নির্মাণকাজে অস্বাভাবিক বিলম্বের বিষয়টিও উঠে আসে। এ ব্যাপারে জেলা বিদ্যালয় পরিদর্শককে সংশ্লিষ্ট বিদ্যালয় পরিচালন সমিতি ও দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারদের ভূমিকা খতিয়ে দেখে দ্রুত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন সাংসদ।

একইভাবে বিভিন্ন স্থানে অসম্পূর্ণ অবস্থায় পড়ে থাকা স্বাস্থ্য ভবন এবং নির্মাণ সম্পন্ন হওয়ার পরও জনসেবায় চালু না হওয়া স্বাস্থ্য পরিকাঠামো নিয়েও অসন্তোষ প্রকাশ করেন তিনি। প্রকল্পগুলির বাস্তব পরিস্থিতি তদন্ত করে দ্রুত প্রতিবেদন পেশ করতে জেলা যুগ্ম স্বাস্থ্য অধিকর্তাকে নির্দেশ দেওয়া হয়।
বৈঠকে পরিমল শুক্লবৈদ্য বলেন, উন্নয়নমূলক কাজ চলার সময় সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা এবং মৌলিক পরিষেবা যাতে ব্যাহত না হয়, তা নিশ্চিত করা প্রতিটি বিভাগের দায়িত্ব। নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন করা, নির্মাণের গুণগত মান বজায় রাখা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি নিয়মিত মাঠপর্যায়ে কাজের তদারকি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বৈঠকে দিশা কমিটির সহ-সভাপতি তথা রাজ্যসভার সাংসদ কণাদ পুরকায়স্থ, বিধায়ক ডাঃ রাজদীপ রায়, কিশোর নাথ, কমলাক্ষ দে পুরকায়স্থ, রাজদীপ গোয়ালা, অতিরিক্ত জেলা কমিশনার রাজীব রায়, কাছাড় জেলা পরিষদের সভাপতি কঙ্কন নারায়ণ শিকদার, জেলা পরিষদের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক দরথি সুচিয়াং-সহ দিশা কমিটির সদস্য, এপি ব্লক সভাপতি এবং বিভিন্ন সরকারি বিভাগের আধিকারিকরা উপস্থিত ছিলেন।
সভা শেষে সংশ্লিষ্ট সব বিভাগের সমন্বিত উদ্যোগে উন্নয়নমূলক প্রকল্পগুলির কাজ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন হবে এবং সাধারণ মানুষ দ্রুত তার সুফল পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য।



