একে চন্দ আইন কলেজে কাউন্সিলর সুমনা দাসের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন, ভর্তি বাতিলের দাবি

Spread the news

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ১৯ নভেম্বর : শিলচর পুর নিগমের ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুমনা দাসের শিক্ষাগত যোগ্যতা নিয়ে অভিযোগ উঠল একে চন্দ আইন কলেজে। তাঁর শিক্ষাগত শংসাপত্রের সত্যতা নিয়ে প্রশ্ন তুলে বৃহস্পতিবার কলেজের অধ্যক্ষের কাছে লিখিত অভিযোগপত্র জমা দেন প্রসেনজিৎ দেব। অভিযোগকারীদের দাবি, বিষয়টি যথাযথভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি তাঁর ভর্তি বাতিল করতে হবে।

অভিযোগকারীদের বক্তব্য, কাউন্সিলর সুমনা দাসের শিক্ষাগত যোগ্যতা ও জমা দেওয়া শংসাপত্রের সত্যতা নিয়ে দীর্ঘদিন ধরেই সন্দেহ রয়েছে। তাঁদের আরও দাবি, তাঁর বিরুদ্ধে একটি মামলা বর্তমানে আদালতে বিচারাধীন। এই পরিস্থিতিতে আইন কলেজে তাঁর ভর্তি প্রক্রিয়া নিয়ে স্বচ্ছতা বজায় রাখার দাবি জানিয়েছেন তাঁরা।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, শিক্ষাগত শংসাপত্রের সত্যতা যাচাই না করে ভর্তি দেওয়া হলে কলেজের সুনাম এবং আইন শিক্ষার মান নিয়ে প্রশ্ন উঠতে পারে। তাই সাত দিনের মধ্যে অভিযোগের তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য অধ্যক্ষের কাছে দাবি জানানো হয়েছে।

এদিন প্রসেনজিৎ দেব বলেন, কলেজের বহু শিক্ষার্থী কঠোর পরিশ্রম করে পড়াশোনা করে ভর্তির সুযোগ পেয়েছেন। সেখানে কারও শিক্ষাগত শংসাপত্রের সত্যতা নিয়ে প্রশ্ন থাকলে বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা উচিত। তাঁর মতে, অভিযোগের যথাযথ তদন্ত হওয়া জরুরি।

অভিযোগকারীরা হুঁশিয়ারি দিয়ে জানান, সাত দিনের মধ্যে কলেজ কর্তৃপক্ষ তদন্ত শুরু করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করলে স্থানীয় শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে আন্দোলনে নামবেন তাঁরা। তাঁদের বক্তব্য, শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে শিক্ষাগত শংসাপত্রের সত্যতা যাচাই নিশ্চিত করা কর্তৃপক্ষের দায়িত্ব।।তবে কাউন্সিলর সুমনা দাসের শিক্ষাগত যোগ্যতা নিয়ে ওঠা অভিযোগের সত্যতা এখনও স্বাধীনভাবে যাচাই করা হয়নি। এ বিষয়ে কলেজ কর্তৃপক্ষ বা কাউন্সিলরের বক্তব্যও জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *