গুরুচরণ বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষায় দক্ষতা উন্নয়ন নিয়ে বিশেষ বক্তৃতা অনুষ্ঠান

Spread the news

বরাক তরঙ্গ, ১৯ নভেম্বর : উচ্চশিক্ষার সঙ্গে দক্ষতাভিত্তিক শিক্ষার সমন্বয় ঘটিয়ে শিক্ষার্থীদের কর্মসংস্থানের উপযোগী করে তোলার লক্ষ্যে গুরুচরণ বিশ্ববিদ্যালয়ে ‘উচ্চশিক্ষায় দক্ষতা উন্নয়নের দিশা’ শীর্ষক এক বিশেষ বক্তৃতা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বুধবার বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্রকাশ চন্দ্র দাস মেমোরিয়াল হলে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ভারত সরকারের ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন (এনএসডিসি)-এর স্টেট এনগেজমেন্ট অফিসার শিলাদিত্য সরকার (আইইএস)। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের স্কিল ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক ড. সুভাষ দেবনাথ, শিক্ষক-শিক্ষিকা, পিএইচডি গবেষক, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের আধিকারিক এবং অশিক্ষক কর্মীরা। অনুষ্ঠানের শুরুতে বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক ড. অভিজিৎ নাথ উত্তরীয় পরিয়ে শিলাদিত্য সরকারকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন।

বক্তৃতায় শিলাদিত্য সরকার উচ্চশিক্ষায় দক্ষতাভিত্তিক শিক্ষার প্রসার এবং কর্মসংস্থানমুখী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে এনএসডিসির পক্ষ থেকে একটি প্রস্তাবনা উপস্থাপন করেন। এ ক্ষেত্রে এনএসডিসি অ্যাকাডেমির মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠান ও শিল্পক্ষেত্রের মধ্যে সমন্বয় গড়ে তোলার বিভিন্ন দিক বিস্তারিতভাবে তুলে ধরেন তিনি। তিনি জানান, জাতীয় শিক্ষানীতি (এনইপি) ২০২০-এর সঙ্গে সামঞ্জস্য রেখে বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে বৃত্তিমূলক ও দক্ষতাভিত্তিক শিক্ষা অন্তর্ভুক্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা অর্জনের জন্য ইন্টার্নশিপ, শিক্ষানবিশ প্রশিক্ষণ এবং আন্তর্জাতিক মানের পেশাগত শংসাপত্র প্রদানের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন তিনি।

বর্তমান প্রযুক্তিনির্ভর বিশ্বে কর্মসংস্থানের পরিবর্তিত চাহিদার কথা উল্লেখ করে শিলাদিত্য সরকার কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সাইবার নিরাপত্তা, তথ্য বিশ্লেষণ, রোবোটিক্স এবং পরিবেশবান্ধব শক্তি-সহ বিভিন্ন আধুনিক প্রযুক্তির ক্ষেত্রে শিক্ষার্থীদের দক্ষ করে তোলার পরিকল্পনার কথা তুলে ধরেন। তাঁর মতে, উচ্চশিক্ষার সঙ্গে শিল্পক্ষেত্রের প্রত্যক্ষ যোগাযোগ ও সমন্বয় বৃদ্ধি করা গেলে শিক্ষার্থীরা পড়াশোনা শেষ করার আগেই কর্মজগতের প্রয়োজনীয় দক্ষতা অর্জনের সুযোগ পাবেন। এর ফলে তাঁদের কর্মসংস্থানের সম্ভাবনাও বাড়বে।

অনুষ্ঠানে উচ্চশিক্ষার প্রচলিত পাঠ্যক্রমের পাশাপাশি ব্যবহারিক ও পেশাগত দক্ষতা অর্জনের প্রয়োজনীয়তার বিষয়টি বিশেষভাবে আলোচিত হয়। বিশ্ববিদ্যালয় ও শিল্পসংস্থার মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তুলে শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনের জন্য প্রস্তুত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য বলে জানানো হয়। শেষে বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক ড. অভিজিৎ নাথের ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *