আসাম বিশ্ববিদ্যালয়ে সপ্তাহব্যাপী আরবি ভাষা শিক্ষক প্রশিক্ষণ

Spread the news

বরাক তরঙ্গ, ২৪ সেপ্টেম্বর : আরবি ভাষা শিক্ষকদের পেশাগত দক্ষতা ও আধুনিক ভাষা-শিক্ষণ পদ্ধতির উন্নয়নের লক্ষ্যে আসাম বিশ্ববিদ্যালয়ে আয়োজিত শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচি সফল ভাবে সম্পন্ন হয়েছে। যার সূচনা হয়েছিল গত ২০ সেপ্টেম্বর।

ঐদিন আরবি ভাষার চিরন্তন বিশুদ্ধ আকর গ্রন্থ আল কোরআন পাঠের মাধ্যমে প্রশিক্ষণ কর্মসূচির সূচনা ঘটে।এরপর অসমীয়া গামোছা,ফুলের তোড়া,কাশ্মীরী শাল ও বিশেষ মেমেন্টো দিয়ে আরবি বিভাগীয় শিক্ষকরা  অতিথিকে বরণ করেন।

আসাম বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগ এবং সৌদি আরবের রিয়াদভিত্তিক “অ্যারাবিক ফর অল”-এর সহযোগিতায় আয়োজিত এই প্রশিক্ষণ কর্মসূচিতে আরবি ভাষা শিক্ষকদের জন্য আধুনিক ও কার্যকর ভাষা-শিক্ষণ পদ্ধতি, শ্রেণিকক্ষভিত্তিক প্রয়োগ এবং আরবি ভাষা শিক্ষার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলা প্রশিক্ষণ কর্মসূচতে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন “ কিঙ্ডম অব সৌদি আরবীয়ার রিয়াদ ভিত্তিক “অ্যারাবিক ফর অল”-এর মি.আওয়াধ বিন আলি বিন মুহাম্মদ আল জুমাহ। তাঁর নেতৃত্বে প্রশিক্ষণার্থীরা আরবি ভাষা শিক্ষাদানের আধুনিক কৌশল ও পদ্ধতি সম্পর্কে বিশেষজ্ঞ পর্যায়ের ধারণা লাভের সুযোগ পেয়েছেন।

আওয়াধ বিন আলি বিন মুহাম্মদ আল জুমাহ সৌদি আরবের একজন অভিজ্ঞ আরবি ভাষা শিক্ষক ও প্রশিক্ষক। কিং সৌদ বিশ্ববিদ্যালয় থেকে আরবি ভাষা ও শিক্ষাবিষয়ে স্নাতক এবং উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় থেকে অ-আরবিভাষীদের আরবি ভাষা শিক্ষাদান বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী তিনি। সৌদি শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে প্রায় ১২ বছর আরবি ভাষা শিক্ষক হিসেবে কাজ করার পাশাপাশি শিক্ষক প্রশিক্ষণ, ভাষা মূল্যায়ন, পাঠ্যক্রম ও শিক্ষাসামগ্রী উন্নয়ন এবং অ-আরবিভাষীদের আরবি ভাষা শিক্ষার বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক কার্যক্রমে তিনি যুক্ত ছিলেন।

এছাড়া তিনি কিং আবদুল্লাহ আরবি ভাষা শিক্ষা কেন্দ্র ও কিং সালমান গ্লোবাল অ্যাকাডেমি ফর Arabic Language-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ভাষা-শিক্ষা উদ্যোগে তাঁর সম্পৃক্ততা রয়েছে। বিশ্বব্যাপী প্রায় ৪৮টি ভাষা  শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণকারী এই অভিজ্ঞ প্রশিক্ষক আরবি ভাষা শিক্ষাকে আধুনিক, কার্যকর ও প্রয়োগভিত্তিক করার ক্ষেত্রে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ে আয়োজিত উল্লেখিত পুরো কর্মসূচিটির সমন্বয়কের দায়িত্বে ছিলেন প্রোফেসর মুহাম্মদ বশির কে. এবং আয়োজক কমিটির পক্ষ থেকে কর্মসূচির সার্বিক তত্ত্বাবধায়ক ছিলেন বিভাগীয় প্রধান প্রফেসর মুস্তাফিজুর রহমান। সার্বিক সহযোগীতায় রয়েছেন বিভাগীয় সিনিয়র প্রফেসর আবুল রাজ্জাক থারাইল, ডঃ নজমুল ইসলাম বড়ভূঁইয়া ও ডঃ হযরত হাসানুজ্জামান।

অনারব মূলীয় আরবি ভাষা শিক্ষক প্রশিক্ষণের এই কর্মসূচিতে আসাম বিশ্ববিদ্যালয় অধীন বিভিন্ন কলেজের আরবি শিক্ষকগণ ছাড়াও গুয়াহাটি কটন বিশ্ববিদ্যালয় ও পশ্চিম বঙ্গের বিভিন্ন শিক্ষক তথা প্রশিক্ষণার্থীগণ অংশগ্রহণ করেছেন। পাঁচদিন ব্যাপী প্রোগ্রাম টিতে প্রতিদিন দুই বার জলখাবার সহ ভালোমানের মধ্যাহ্নভোজের সুব‌্যবস্থা ছিল।

গতকাল সমাপ্তিলগ্নে সব প্রশিক্ষণার্থীদের সঙ্গে ফ্রি কনভার্সেশন সাজেশনের পর সবাইকে “অ্যারাবিক ফর অল” এর পক্ষ থেকে সংশাপত্র দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের তরফ থেকেও সবাইকে আরোও একটি করে শংসাপত্র দেওয়া হয়। এছাড়া”অ্যারাবিক ফর অল “এর পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগ কেও একটি ম্যামেন্টো দেওয়া হয়।সাথে বিভাগীয় প্রধান প্রফেসর মুস্তাফিজুর রহমান ও কো-অর্ডিনেটর প্রফেসর মুহাম্মদ বশির কে. কেও এক একটি শংসাপত্র দেওয়া হয়।

ভোট অব থেংকস ও ফটো সেশনের মাধ্যমে সভার সমাপ্তি হয়। সব মিলিয়ে এই পাঁচ দিবসীয় শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হওয়ায় বিভাগীয় তরফে সবাইকে সাধুবাদ জানিয়েছেন প্রফেসর মুস্তাফিজুর রহমান। আন্তর্জাতিক মানের শিক্ষক প্রশিক্ষক আওয়াধ বিন আলি বিন মুহাম্মদ আল জুমাহও সবাইকে হার্দিক অভিনন্দন জানিয়েছেন।

শিক্ষাক্ষেত্রে আরবি ভাষার ক্রমবর্ধমান গুরুত্ব এবং ভাষা শিক্ষাদানের ক্ষেত্রে প্রযুক্তিনির্ভর ও শিক্ষার্থী-কেন্দ্রিক পদ্ধতির প্রয়োজনীয়তার পরিপ্রেক্ষিতে এই প্রশিক্ষণ কর্মসূচি বিশেষ তাৎপর্য বহন করছে। এহেন কর্মসূচি ভাষার শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে আরবি ভাষা শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিশিষ্ট কলামিস্ট ও গবেষক তথা বিভাগীয় প্রচার সম্পাদক মওলানা মহবুবুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *