২৬ আগস্ট : কর্নাটকের বিজয়পুরের ভূতনালা হ্রদ থেকে উদ্ধার হলো ছ’জনের দেহ। বুধবার ভাসমান অবস্থায় হ্রদ থেকে দুই নাবালক এবং চার মহিলার দেহ মিলেছে। স্থানীয় পুলিশ প্রশাসনের তরফে জানানো হয়েছে, মৃতদের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। পাশাপাশি, জলে ডুবে দুর্ঘটনাবশত মৃত্যু, নাকি আত্মহত্যা, তা-ও বোঝার চেষ্টা করছেন তদন্তকারীরা।
হ্রদে দেহ ভাসার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে যায় উদ্ধারকারী দল। তার পরে বিজয়পুরা সিটির ডেপুটি এসপি নাগরাজ এবং আদর্শ নগর থানার পিএসআই সীতারাম লামানির নেতৃত্বে পুলিশের একটি দল এবং দমকল কর্মীরা গিয়ে ছ’টি দেহ উদ্ধার করে।
প্রাথমিক ভাবে তদন্তকারীদের একাংশের অনুমান, সম্ভবত লেকের কিনারায় দাঁড়িয়েছিলেন ছ’জন। সেই সময়ে কোনও দুর্ঘটনাবশত পা পিছলে তাঁরা জলে পড়ে যান। ছ’জনেই একই পরিবারের সদস্য কি না, তা-ও বোঝার চেষ্টা করছেন তদন্তকারীরা। সেই ব্যাপারে নিশ্চিত হতে সাম্প্রতিক সময়ে নিখোঁজ অভিযোগগুলিও যাচাই করা হচ্ছে। ঘটনার নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখছে পুলিশ।
স্থানীয় পুলিশ প্রশাসন জানিয়েছে, ছ’জনের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তার রিপোর্ট হাতে এলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তার আগে মৃতদের নাম-পরিচয় খুঁজে বার করতে চাইছেন তদন্তকারীরা।



