আব্দুল হক, সোনাই।
বরাক তরঙ্গ, ২৬ আগস্ট : জুলুসে মোহাম্মদি পালন নিয়ে সোশ্যাল মিডিয়ায় উলামাদের মধ্যে তীব্র বিতর্কের মধ্যে সোনাইতে অনুষ্ঠিত হলো বিশাল জুলুসে মোহাম্মদি শোভাযাত্রা। বুধবার হজরত মোহাম্মদের জন্মদিন উপলক্ষে জুলুসে মোহাম্মদি কেন্দ্রীয় কমিটির উদ্যোগে শোভাযাত্রার আয়োজন করা হয়।শিলচর শহরতলী কনকপুর থেকে আউলিয়া, কৃষ্ণপুর, সোনাবাড়িঘাট, সৈদপুর, শিলডুবি হয়ে বোয়ালজুর সাহেব বাড়ি অর্থাৎ প্রয়াত মওলানা জমির উদ্দিন লস্করের বাড়িতে গিয়ে শোভাযাত্রার সমাপ্তি ঘটে। এতে শোভাযাত্রায় অংশ নিয়েছিলেন কাছাড় জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা নবীপ্রেমী হাজার হাজার ধর্মীয় মুসলিমরা। শোভাযাত্রায় শান্তি সম্প্রীতির বার্তায় আকাশ বাতাস কাঁপিয়ে তোলা হয়।

হজরত মোহাম্মদের জন্মদিন উপলক্ষে এদিন আউলিয়া, সোনাবাড়িঘাট, আশাইদ আলি মোকাম, শিলডুবি ছাড়াও বিভিন্ন স্থানে শিরনি, ঠাণ্ডা পানীয়, সরবত বিতরণ করা হয়। শোভাযাত্রাটি দুপুর ১২ টায় বোয়ালজুর সাহেব বাড়িতে পৌঁছায়।শোভাযাত্রার শুরুতেই আইজল জাতীয় সড়কে তীব্র জানজট মোকাবিলায় পুলিশ প্রশাসনকে হিমসিম খেতে হয়। আটকে পড়ে অ্যাম্বুলেন্স সহ জরুরী পরিষেবার বাহনও। তবে শান্তি শৃঙ্খলার মধ্যেই গন্তব্যস্থলে পৌঁছে জুলুস। কিন্তু আগের তুলনায় যানবাহনের সংখ্যা কম নজরে পড়ে।

কমিটির নির্দেশ মতে কোনও ট্রেইলার বা বড় ধরনের বাহন ব্যবহার করা হয়নি শোভাযাত্রায়। শোভাযাত্রার সামনে উদীয়মান মওলানারা হেঁটে রওয়ানা দেন। তাঁদের সঙ্গে হাজারেরও বেশী যুবক পা মেলান। পেছনে বাইক, ছোট ও মাঝারি ধরনের বাহন নিয়ে হাজার হাজার লোক অংশ নেন। এ দিকে, যানজট মুক্ত করতে শতাধিক স্বেচ্ছাসেবক নিয়োজিত ছিল কমিটির।



