
মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২৫ নভেম্বর : পাথারকান্দির তিনখাল এলাকায় অসম-ত্রিপুরা ৮ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পড়ল রাঙামাটি থেকে শিলচরগামী একটি ASTC বাস। বুধবার সকালে AS 11 EC 5922 নম্বরের বাসটি দুই সাইকেল আরোহী স্কুল পড়ুয়াকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার শিকার হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এই দুর্ঘটনায় বাসের যাত্রীরা বড় ধরনের আঘাত না পেলেও সাইকেল আরোহী দুই স্কুল পড়ুয়া গুরুতরভাবে জখম হয়। আহতদের মধ্যে নবম শ্রেণির ছাত্র মামুদ আক্তারের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহত ছাত্রের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি।
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পাথারকান্দি পুলিশ। পরে দুর্ঘটনাগ্রস্ত ASTC বাসটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। এদিকে, দুর্ঘটনার পর যাত্রী সুরক্ষা ও সড়ক নিরাপত্তার বিষয়টি সামনে রেখে অতিরিক্ত যাত্রী পরিবহণ রুখতে তৎপর হয়ে উঠেছে পুলিশ।

পাথারকান্দি থানার ওসি বিশ্বজ্যোতি দেওরি নির্ধারিত আসনের অতিরিক্ত যাত্রী বহন না করার বিষয়ে বিশেষ নজরদারির ব্যবস্থা করেছেন। সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে এবং সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে অতিরিক্ত যাত্রী পরিবহণের বিরুদ্ধে পুলিশের এই তৎপরতাকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন স্থানীয়রা।



