বরাক তরঙ্গ, ২৫ নভেম্বর : দুলিয়াজানের চাঞ্চল্যকর ত্রিপল মার্ডার কাণ্ডের দুই অভিযুক্তকে এনকাউন্টার করল পুলিশ। পুলিশের গুলিতে আহত হয়েছে অভিযুক্ত রাজু দাস ও আমির দাস। বুধবার দুলিয়াজানের টেঙাখাট এলাকায় এই এনকাউন্টারের ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুলিশি হেফাজতে থাকা অবস্থায় পুলিশের গাড়ি থেকে পালানোর চেষ্টা করে দুই অভিযুক্ত। তাদের আটকাতে উপায়ন্তর না দেখে পুলিশ গুলি চালাতে বাধ্য হয়। এতে গুলিবিদ্ধ হয় রাজু দাস ও আমির দাস। আহত দু’জনকে চিকিৎসার জন্য ডিব্রুগড়ের অসম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (এএমসিএইচ) ভর্তি করা হয়েছে।
এদিকে, অভিযুক্ত আমির দাসের এনকাউন্টার নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন তাঁর বাবা অজেন দাস। তিনি বলেন, “নিজের ছেলে হলেও অপরাধ করলে শাস্তি পেতেই হবে। তবে এভাবে কাউকে মারা উচিত নয়। সে খারাপ কাজ করেছে, তার শাস্তি হওয়া দরকার।”

উল্লেখ্য, ১৬ নভেম্বর সন্ধ্যায় এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা প্রকাশ্যে আসে। বাড়ির এক ভাড়াটিয়া ঘরের মালিকের পরিবারের সদস্যদের ছটপুজোর প্রসাদ দিতে গিয়ে বারবার ডাকাডাকি করেও কোনও সাড়া পাননি। এরপর তিনি বিষয়টি প্রতিবেশীদের জানান। প্রতিবেশীরা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাড়ির মূল দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে। বাড়ির বিভিন্ন ঘর থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়। ঘটনাকে কেন্দ্র করে গোটা দুলীয়াজান এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশের জেরায় রাজু স্বীকার করেছে, অনলাইন গেম খেলতে গিয়ে সে বিপুল পরিমাণ টাকা ঋণ করেছিল। গেমে টাকা হারানোর পর বাবাকে প্রায় চার লক্ষ টাকা ফেরত দিতে হয়েছিল তাকে। সেই টাকা জোগাড় করতে না পেরে শেষ পর্যন্ত চন্দ্রকান্ত ভূঞার পরিবারকে নিশানা করে সে।
এদিকে, বরডুবির কাছাকাছি বালিজান চা-বাগান সংলগ্ন এলাকায়ও এনকাউন্টারের বিষয়টি নিয়ে আলোচনা চলছে।



