বরাক তরঙ্গ, ২৫ সেপ্টেম্বর : সরকারি কাজের ওয়ার্ক অর্ডার পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে একাধিক ব্যক্তির কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে হাইলাকান্দিতে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম অমিত কুমার রায়।
পুলিশ সূত্রে জানা গেছে, মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্র নির্মাণ-সহ বিভিন্ন সরকারি কাজ পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে কয়েকজনের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে অমিতের বিরুদ্ধে। অভিযোগকারীদের মধ্যে বিক্রম দাস-সহ আরও কয়েকজন রয়েছেন।
অভিযোগ, অমিত নিজেকে করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালার ঘনিষ্ঠ ব্যক্তি হিসেবে পরিচয় দিতেন। সাংসদের নাম ব্যবহার করে বিশেষ ওয়ার্ক অর্ডার পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি টাকা নিতেন বলে অভিযোগকারীদের দাবি।
নির্দিষ্ট পরিমাণ টাকা দেওয়ার পরও প্রতিশ্রুতি অনুযায়ী কোনও কাজ বা ওয়ার্ক অর্ডার না পাওয়ায় অভিযোগকারীদের সন্দেহ হয়। এরপর তাঁরা পুলিশের দ্বারস্থ হন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে হাইলাকান্দি পুলিশ এবং অমিত কুমার রায়কে গ্রেফতার করে।
শুক্রবার ধৃতকে আদালতে হাজির করা হলে বিচারক তাঁকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। অভিযোগকারী বিক্রম দাসের দাবি, সরকারি কাজ পাইয়ে দেওয়ার কথা বলে তাঁর কাছ থেকেও টাকা নেওয়া হয়েছিল। পরে প্রতিশ্রুতি অনুযায়ী কাজ না পাওয়ায় তিনি প্রতারণার অভিযোগ দায়ের করেন।
তবে অমিত কুমার রায়ের বিরুদ্ধে ওঠা অভিযোগ এখনও আদালতে প্রমাণিত হয়নি। সাংসদ কৃপানাথ মালার সঙ্গে তাঁর কথিত যোগাযোগ এবং সাংসদের নাম ব্যবহার করে সরকারি কাজ পাইয়ে দেওয়ার অভিযোগের বিষয়টিও পুলিশের তদন্তাধীন।



