বরাক তরঙ্গ, ২৩ আগস্ট : ব্যতিক্রম গ্রুপের উদ্যোগে আয়োজিত ভূপেন্দ্র সঙ্গীত প্রতিযোগিতার হাইলাকান্দি বিধানসভা কেন্দ্র ভিত্তিক পর্ব রবিবার হাইলাকান্দি গভর্নমেন্ট ভিএম হায়ার সেকেন্ডারি স্কুলে অনুষ্ঠিত হয়। গান ও সুরের মূর্ছনায় এদিন মুখর হয়ে ওঠে বিদ্যালয় প্রাঙ্গণ। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন বিশিষ্ট কবি ও প্রাবন্ধিক সুশান্ত মোহন চট্টোপাধ্যায়, সংস্কৃতি কর্মী তথা শিক্ষিকা অরুন্ধতী দেব, সংস্কৃতিকর্মী কীরিটি চক্রবর্তী, বিচারকদ্বয় চিরন্তনী নন্দী ও সুজিত চৌধুরী, মালা ভট্টাচার্য, বিশ্বজিৎ সিংহ, সংস্কার ভারতীর হাইলাকান্দি শাখার সভাপতি পিনাকপাণি ভট্টাচার্য, বিশিষ্ট নৃত্যশিল্পী অরিন্দম রক্ষিতসহ অন্যান্য বিশিষ্টজন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিযোগিতার সংযোজক শংকর চৌধুরী। তিনি জানান, গুয়াহাটি-ভিত্তিক আয়োজক সংস্থা ব্যতিক্রমের উদ্যোগে বিধানসভা কেনব্দ্র ভিত্তিক এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আগামী ৭ সেপ্টেম্বর শিলচরে অনুষ্ঠিত হবে মূল পর্বের ফাইনাল প্রতিযোগিতা।

সুশান্তমোহন চট্টোপাধ্যায় ও অরুন্ধতী দেব ব্যতিক্রমের এই ব্যতিক্রমী উদ্যোগের প্রশংসা করে বলেন, ভূপেন হাজরিকার কালজয়ী গান ও সৃষ্টিকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এই ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিযোগিতায় তিনটি বিভাগে প্রায় ৬৫ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। ‘ক’ গ্রুপে প্রথম হন শ্রাবণী দাস বড়ভূইয়া, দ্বিতীয় প্রয়ন্তিকা সরকার এবং তৃতীয় এসএইচ অবনীতা নাথ মজুমদার। ‘খ’ গ্রুপে প্রথম হন শ্রুতি চৌধুরী, দ্বিতীয় গায়ত্রী ঘোষ এবং তৃতীয় সুনাক্ষী রায়। ‘গ’ গ্রুপে প্রথম হন প্রসূনকান্তি চক্রবর্তী, দ্বিতীয় দেবস্মিতা মালাকার এবং তৃতীয় বর্ণিতা দেব।

বিজয়ীদের হাতে রোটারি ক্লাবের পক্ষ থেকে স্মারক তুলে দেন রোটারি ক্লাবের প্রাক্তন সভাপতি তথা অনুষ্ঠানের সংযোজক শংকর চৌধুরী, শিক্ষক তারকেশ্বর ভট্টাচার্য, বন্দনা চক্রবর্তী, কীরিটি চক্রবর্তী, চিরন্তনী নন্দী, সুজিত চৌধুরী, মমতা দাস রক্ষিত, তুলি চক্রবর্তী, অমৃতা চক্রবর্তী, গোবিন্দচন্দ্র নাথ প্রমুখ। অনুষ্ঠানকে ঘিরে ছাত্রছাত্রী, অভিভাবক ও সংস্কৃতিপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।



