ইচাবিল চা-বাগানে ছিঁড়ে পড়ল বিদ্যুতের তার, তড়িতাঘাতে বলদের মৃত্যু

Spread the news

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২৩ আগস্ট :
বাজারিছড়া থানাধীন ইচাবিল চা-বাগানের ১২ নম্বর লাইনে ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে তড়িতাঘাতে একটি পূর্ণবয়স্ক বলদ গরুর মৃত্যু হয়েছে। শনিবার রাতে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের পাশাপাশি বিদ্যুৎ বিভাগের বিরুদ্ধে ক্ষোভ ছড়িয়ে পড়ে। মৃত বলদটির মালিক রামবিলাস নুনিয়া জানান, শনিবার রাতে হালকা বৃষ্টির মধ্যে গবাদি পশু নিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। বাড়ির সামনে মাটিতে ছিঁড়ে পড়ে থাকা বিদ্যুতের তারের সংস্পর্শে আসে তাঁর বলদটি। মুহূর্তের মধ্যেই তড়িতাঘাতে ঘটনাস্থলে গরুটির মৃত্যু হয়। রবিবার সকালে খবর পেয়ে বাজারিছড়া থানার পুলিশ ও পশু চিকিৎসক ঘটনাস্থলে পৌঁছান। পরে মৃত গরুটির ময়নাতদন্ত করা হয়। খবর পেয়ে বিদ্যুৎ বিভাগের কর্মীরাও ঘটনাস্থলে এসে ছিঁড়ে পড়া বিদ্যুতের লাইন মেরামতের কাজ শুরু করেন।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ইচাবিল চা বাগানের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে বিদ্যুতের তার ঢিলেঢালা ও ঝুঁকিপূর্ণ অবস্থায় ঝুলছে। একাধিকবার বিষয়টি বিদ্যুৎ বিভাগকে জানানো হলেও স্থায়ীভাবে সমস্যার সমাধান হয়নি। স্থানীয় বাসিন্দা রাজকুমার নুনিয়ার দাবি, এর আগেও ছিঁড়ে পড়া বিদ্যুতের তারের কারণে গবাদি পশু ও পুকুরের মাছ ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে, স্থানীয় বাসিন্দা এবং ইচাবিল জিপি সভানেত্রীর প্রতিনিধি রতন কুর্মি বিষয়টি নিয়ে সরব হওয়ার পর বিদ্যুৎ বিভাগের কর্মীরা দ্রুত লাইন মেরামতের কাজে হাত দেন।

বলদের মৃত্যুতে আর্থিকভাবে ক্ষতির মুখে পড়েছেন দরিদ্র কৃষক রামবিলাস নুনিয়া। ক্ষতিগ্রস্ত কৃষককে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি ইচাবিল চা বাগানের ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক লাইন দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *