‘মন কি বাত’ ও র‍্যালি ঘিরে লোয়াইপোয়া মণ্ডল বিজেপির সাংগঠনিক সভা কৃষ্ণেন্দুর

Spread the news

মোহাম্মদ জনি, পাথারকান্দি
বরাক তরঙ্গ, ২৪ অক্টোবর : আগামী দিনের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সাংগঠনিক কর্মসূচিকে সামনে রেখে তৎপরতা বাড়াল লোয়াইপোয়া মণ্ডল বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মাসিক বেতার অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৯তম পর্ব এবং আগামী ৩০ অক্টোবর শ্রীভূমিতে প্রস্তাবিত ‘গণতন্ত্র বাঁচাও, অরাজকতা হঠাও’ শীর্ষক র‍্যালিকে সফল করে তুলতে শনিবার লোয়াইপোয়া মণ্ডল বিজেপি কার্যালয়ে এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি, পার্বত্য ও বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী তথা পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল।
সভায় আগামীকালের ‘মন কি বাত’ অনুষ্ঠানকে কেন্দ্র করে মণ্ডলের বিভিন্ন এলাকায় দলীয় কার্যকর্তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়। সাধারণ মানুষের উপস্থিতিতে অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত করে তুলতে প্রয়োজনীয় প্রস্তুতি ও পারস্পরিক সমন্বয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়।

পাশাপাশি, ৩০ অক্টোবর শ্রীভূমিতে অনুষ্ঠিতব্য ‘গণতন্ত্র বাঁচাও, অরাজকতা হঠাও’ র‍্যালিতে লোয়াইপোয়া মণ্ডল থেকে উল্লেখযোগ্য সংখ্যক কার্যকর্তার অংশগ্রহণ নিশ্চিত করার পরিকল্পনা গ্রহণ করা হয়। র‍্যালিকে ঘিরে সাংগঠনিক যোগাযোগ বৃদ্ধি, দায়িত্ব বণ্টন এবং তৃণমূল স্তরে প্রস্তুতি জোরদার করার বিষয়েও আলোচনা হয়।

মন্ত্রী কৃষ্ণেন্দু পাল দলীয় নেতৃত্ব ও কার্যকর্তাদের সঙ্গে মতবিনিময় করে উভয় কর্মসূচিকে সফল করে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। সংগঠনের শক্তি বৃদ্ধিতে তৃণমূল স্তরের কার্যকর্তাদের সক্রিয় ভূমিকা ও নিষ্ঠার ওপর তিনি গুরুত্ব আরোপ করেন।

সভায় উপস্থিত ছিলেন লোয়াইপোয়া মণ্ডল বিজেপির সভানেত্রী শম্পা চৌধুরী, জেলা বিজেপির সহ-সভাপতি ঋষিকেশ নন্দী, প্রাক্তন জেলা পরিষদ সদস্য শান্তিলাল সিনহা, জেলা বিজেপির সম্পাদিকা নমিতা গোয়ালা চাষা, লোয়াইপোয়া জেলা পরিষদের সদস্য স্বপন দাস, কিশোর চৌধুরী, ধ্রুব চক্রবর্তী-সহ অন্যান্য দলীয় পদাধিকারী ও কার্যকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *