পয়লা বৈশাখে বিশ্ব শিল্পকলা দিবস উদযাপন বরাক আর্ট অ্যান্ড ক্রাফট সোসাইটির

Spread the news

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ১৫ এপ্রিল : পয়লা বৈশাখ উপলক্ষে বুধবার বরাক আর্ট অ্যান্ড ক্রাফট সোসাইটির উদ্যোগে বিশ্ব শিল্পকলা দিবস উদযাপিত হল উৎসবমুখর পরিবেশে। ক্ষুদিরাম বসুর পাদদেশে আয়োজিত এই অনুষ্ঠানে নবীন ও প্রবীণ চিত্রশিল্পীদের অংশগ্রহণে লাইভ চিত্রাঙ্কনের মধ্য দিয়ে এক মনোজ্ঞ পরিবেশের সৃষ্টি হয়।

এদিন সোসাইটির উপদেষ্টা স্বর্ণালী চৌধুরীর উপস্থিতিতে বিশিষ্ট চিত্রশিল্পী বিমলেন্দু সিনহা, স্বপন কুমার সিনহা, অরুণ কুমার পাল এবং ইন্দ্রিনী ভট্টাচার্যকে উত্তরীয় পরিয়ে সম্মানিত করা হয়। প্রায় ৩০ জন নবীন ও প্রবীণ শিল্পী বিভিন্ন ধরণের চিত্র অঙ্কন করে উপস্থিত দর্শকদের মুগ্ধ করেন। পথচলতি মানুষজনও থেমে এই শিল্পকর্ম উপভোগ করে শিল্পীদের প্রশংসায় পঞ্চমুখ হন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে স্বর্ণালী চৌধুরী বলেন, “এই পৃথিবী প্রকৃত অর্থেই শিল্পীদের হাতেই সুন্দর হয়ে উঠেছে। চিত্রশিল্পীরা সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।” তিনি নবীন শিল্পীদের অভিনন্দন জানিয়ে তাদের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।

অন্যদিকে, স্বপনকুমার সিনহা বলেন, “বিশ্ব শিল্পকলা দিবস চিত্রশিল্পীদের জন্য এক বিশেষ দিন। এই দিনটি নতুন সৃষ্টির অনুপ্রেরণা জোগায় এবং শিল্পীদের বিশ্বদরবারে প্রতিষ্ঠিত হতে সহায়তা করে।” অরুণকুমার পাল তার বক্তব্যে জানান, “এই সম্মিলিত প্রয়াসের মাধ্যমে শুধু নববর্ষই নয়, বিশ্ব শিল্পকলা দিবসের গুরুত্বও সমানভাবে তুলে ধরা হয়েছে।” অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রদীপ আচার্য। সার্বিকভাবে এই উদ্যোগ স্থানীয় সাংস্কৃতিক জাগরণের এক উজ্জ্বল নিদর্শন হিসেবে প্রতিফলিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *