দিলোয়ার বড়ভূইয়া, কাবুগঞ্জ।
বরাক তরঙ্গ, ১৬ অক্টোবর : ধলাই-লায়লাপুর সংযোগকারী পূর্ত সড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পশ্চিম সপ্তগ্রাম এলপি স্কুলের সামনে গভীর রাতে আনুমানিক ৩টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, লায়লাপুরের দিকে যাওয়ার পথে প্রথমে একটি লরির সঙ্গে একটি ডিজেল অটোর সংঘর্ষ হয়। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা পাথরবোঝাই একটি ডাম্পারের পিছনে সজোরে ধাক্কা মারে লরিটি। সংঘর্ষের তীব্রতায় গাড়িটি দুমড়েমুচড়ে যায়।
দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। তবে এই ঘটনায় মোট কতজন আহত হয়েছেন, তা এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি। পাশাপাশি, দুর্ঘটনার সঠিক কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কেও বিস্তারিত তথ্য সামনে আসেনি। রাতের অন্ধকারে এই দুর্ঘটনাকে ঘিরে এলাকায় উদ্বেগের সৃষ্টি হয়েছে।




