বরাক তরঙ্গ, ১৬ অক্টোবর : ধলাইয়ের পুনিখাল সংলগ্ন ভোলা বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি টিপার গাড়ি বিদ্যুতের খুঁটি ভেঙে পাশের পুকুরে পড়ে যাওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। দুর্ঘটনার সময় রাস্তা দিয়ে স্কুলে যাচ্ছিল দুই ছাত্রী। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় তারা। এই ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে পুনিখাল বাজারের দিক থেকে আসছিল টিপার গাড়িটি। ভোলা বাজার এলাকায় পৌঁছনোর পর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এরপর একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মেরে পাশের পুকুরে পড়ে যায় গাড়িটি।

প্রত্যক্ষদর্শীদের দাবি, দুর্ঘটনার সময় দুই স্কুলছাত্রী রাস্তা দিয়ে যাচ্ছিল। দ্রুতগতিতে আসা টিপার গাড়িটি তাদের একেবারে পাশ দিয়ে বেরিয়ে যায়। ফলে অল্পের জন্য প্রাণে রক্ষা পায় দুই ছাত্রী।
অন্যদিকে, দুর্ঘটনায় বিদ্যুতের খুঁটি ভেঙে যাওয়ায় এলাকায় বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হয়েছে। পুজোর আগে এই ঘটনায় সমস্যায় পড়েছেন স্থানীয় বাসিন্দারা। দ্রুত বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার দাবি জানিয়েছেন তাঁরা।



