১৫ এপ্রিল : ভয়াবহ বিস্ফোরণে রক্তাক্ত অন্ধ্রপ্রদেশের শ্রী সত্য সাই জেলার কাদিরি মণ্ডলের কুম্মারাভান্ডলা পল্লি গ্রাম। একটি বাড়িতে জমিয়ে রাখা বিস্ফোরক ও গ্যাস সিলিন্ডার ফেটে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় আহত হয়েছেন আরও প্রায় কুড়িজন। তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানিয়েছে প্রশাসন।
পুলিশ সূত্রের খবর, স্থানীয় এক শ্রমিকের বাড়িতে বিস্ফোরক সামগ্রী ও গ্যাস সিলিন্ডার মজুত রাখা ছিল। হঠাৎই সেগুলি বিস্ফোরিত হলে মুহূর্তের মধ্যে ভেঙে পড়ে গোটা বাড়িটি। বিস্ফোরণের তীব্রতায় পাশের কয়েকটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বাড়িতে চারটি বিস্ফোরক দ্রব্য মজুত ছিল। সেগুলি বেআইনিভাবে রাখা হয়েছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যেই একটি মামলা দায়ের করে এই ঘটনার তদন্ত শুরু হয়েছে।



