সোমবার থেকে আসাম বিশ্ববিদ্যালয়ে লিঙ্গ সংবেদনশীলতা নিয়ে কর্মশালা

Spread the news

বরাক তরঙ্গ, ১৭ জুলাই : আসাম বিশ্ববিদ্যালয়ের ইন্টারনাল কমপ্লেইন্টস কমিটি ও মালব্য মিশন টিচার ট্রেনিং সেন্টারের আসাম বিশ্ববিদ্যালয় চ্যাপ্টারের যৌথ উদ্যোগে আগামী ২০ থেকে বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী কর্মশালা। চলবে ২৫ জুলাই পর্যন্ত। বিষয় থাকছে ‘লিঙ্গ সংবেদনশীলতা, পশ আইন ও মহিলা ক্ষমতায়ন’। এই কর্মশালায় দেশের বিভিন্ন প্রান্তের বিশিষ্ট শিক্ষাবিদ, প্রশাসক ও বিশেষজ্ঞরা উপস্থিত থাকবেন।

বিশ্ববিদ্যালয়ের বিপিনচন্দ্র পাল মিলনায়তনে ২০ জুলাই বেলা দশটায় আয়োজিত হবে উদ্বোধনী অনুষ্ঠান। উপাচার্য অধ্যাপক রাজীবমোহন পন্থের পৌরোহিত্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ড. হরিসিংহ গৌর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক নীলিমা গুপ্ত। স্বাগত বক্তব্য পেশ করবেন আইসিসির প্রিসাইডিং অফিসার অধ্যাপিকা করবী দত্তচৌধুরী। উপস্থিত থাকবেন নিবন্ধক ড. প্রদোষ কিরণ নাথ, এমএমটিটিসির ডিরেক্টর অধ্যাপক রামাইয়া বালাকৃষ্ণন, ডেপুটি ডিরেক্টর অধ্যাপক অজয় কুমার সিং সহ অন্যরা।

কর্মশালায় আমন্ত্রিত অতিথিদের মধ্যে রয়েছেন জামিয়া মিলিয়া ইসলামিয়ার নিবন্ধক অধ্যাপক এম ডি মাহতাব আলম রিজভী, রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মানবেন্দ্র দত্ত চৌধুরী, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক শান্তা দত্ত দে, নতুন দিল্লির আইএসটিএমের যুগ্ম অধিকর্তা নমিতা মালিক, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আইসিসির এক্সটার্নাল মেম্বার ড. অনিন্দিতা বন্দ্যোপাধ্যায় তামটা, এনআইটি দুর্গাপুরের আইসিসি চেয়ারপার্সন অধ্যাপক সীমা সরকার, হেমবতী নন্দন বহুগুণা গড়ওয়াল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক অন্নপূর্ণা নৌটিয়াল ও অবসরপ্রাপ্ত অধ্যাপক বিনোদ নৌটিয়াল।

আয়োজকদের পক্ষে ড. শোভন কুমার বেদজ্ঞ জানিয়েছেন, কর্মশালায় লিঙ্গ সংবেদনশীলতা, কর্মক্ষেত্রে যৌন হয়রানি প্রতিরোধ আইন, নারীর অধিকার, সমতা এবং নারী ক্ষমতায়নের বিভিন্ন দিক নিয়ে বিশদ আলোচনা হবে। শিক্ষক, গবেষক, শিক্ষার্থী এবং আগ্রহী অংশগ্রহণকারীদের সক্রিয় অংশগ্রহণে কর্মশালাটি ফলপ্রসূ হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *