বরাকে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ প্রতিষ্ঠার দাবিতে গুরুত্বপূর্ণ অগ্রগতি, বিচারপতি ও মুখ্যমন্ত্রীর সঙ্গে পৃথক বৈঠক

Spread the news

বরাক তরঙ্গ, ১৭ জুলাই : বরাক উপত্যকায় গৌহাটি হাইকোর্টের একটি স্থায়ী বেঞ্চ প্রতিষ্ঠার দীর্ঘদিনের দাবিতে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। বৃহস্পতিবার হাইকোর্ট বেঞ্চ দাবি বাস্তবায়ন কমিটির প্রতিনিধিদলের সঙ্গে প্রায় এক ঘণ্টাব্যাপী বৈঠকে গুয়াহাটি হাইকোর্টের মুখ্য বিচারপতি আশুতোষ কুমার জানিয়েছেন, বিধি অনুযায়ী বিষয়টি হাইকোর্টের প্রশাসনিক স্ট্যান্ডিং কমিটির বিবেচনার জন্য পাঠানো হবে। আইনজীবী মহল এই সিদ্ধান্তকে দাবি বাস্তবায়নের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে।

একই দিনে প্রতিনিধিদল অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গেও বৈঠক করে। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, স্থায়ী বেঞ্চ বা ডিভিশন বেঞ্চ প্রতিষ্ঠার সিদ্ধান্ত সম্পূর্ণ বিচার বিভাগের এখতিয়ারভুক্ত। তবে বিচার বিভাগের অনুমোদন মিললে প্রয়োজনীয় ভবন নির্মাণ, পরিকাঠামো উন্নয়ন এবং প্রশাসনিক সহায়তা দিতে রাজ্য সরকার সম্পূর্ণ প্রস্তুত।

এ দিন সকালে মুখ্য বিচারপতির কনফারেন্স হলে অনুষ্ঠিত বৈঠকে বিচারপতি মাইকেল জংথুয়া এবং বিচারপতি মনীশ চৌধুরীও উপস্থিত ছিলেন। প্রতিনিধিদলের পক্ষ থেকে বরাক উপত্যকায় স্থায়ী বেঞ্চ প্রতিষ্ঠার পক্ষে আইনি, সাংবিধানিক, প্রশাসনিক ও ভৌগোলিক বাস্তবতা তুলে ধরা হয়। পাশাপাশি বিচারপ্রার্থীদের দীর্ঘদিনের দুর্ভোগ এবং সংশ্লিষ্ট পরিসংখ্যানও উপস্থাপন করা হয়। সব দিক বিবেচনা করে মুখ্য বিচারপতি জানান, স্থায়ী বেঞ্চ প্রতিষ্ঠা কোনও একক সিদ্ধান্তের বিষয় নয়। এ ক্ষেত্রে নির্ধারিত প্রশাসনিক ও সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ করা বাধ্যতামূলক। সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই বিষয়টি প্রশাসনিক স্ট্যান্ডিং কমিটির কাছে পাঠানো হবে এবং কমিটির সুপারিশের ভিত্তিতেই পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

উল্লেখ্য, বরাক উপত্যকায় হাইকোর্টের স্থায়ী বেঞ্চ প্রতিষ্ঠার দাবি কয়েক দশকের পুরনো। আইনজীবী, নাগরিক সমাজ, বিভিন্ন সংগঠন এবং সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে এই দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন। চলতি বছরের মে মাসে হাইকোর্ট বেঞ্চ দাবি বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে মুখ্য বিচারপতির কাছে ১১২ পাতার একটি বিশদ স্মারকলিপি জমা দেওয়া হয়। সেখানে স্থায়ী বেঞ্চ প্রতিষ্ঠার পক্ষে আইনি, সাংবিধানিক, ভৌগোলিক এবং জনস্বার্থ সংশ্লিষ্ট নানা যুক্তি তুলে ধরা হয়েছিল। সেই স্মারকলিপির ভিত্তিতেই ১৬ জুলাই প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে সম্মতি দেন মুখ্য বিচারপতি।

এর আগে জনতা ভবনে মুখ্যমন্ত্রীর হাতে বরাক উপত্যকায় স্থায়ী বেঞ্চ প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা তুলে ধরা একটি ‘ভিশন ডকুমেন্ট’-এর কপি তুলে দেন প্রতিনিধিদলের সদস্যরা। ওই বৈঠকে শিলচরের বিধায়ক রাজদীপ রায় এবং বড়খলার বিধায়ক কিশোর নাথ উপস্থিত ছিলেন।

মুখ্য বিচারপতির সঙ্গে বৈঠকে হাইকোর্ট বেঞ্চ দাবি বাস্তবায়ন কমিটির সভাপতি আইনজীবী ধ্রুবকুমার সাহার নেতৃত্বে সাধারণ সম্পাদক নিখিল পাল, আইনজীবী ধর্মানন্দ দেব, শান্তনু নায়েক, জ্যোতির্ময় নাথ, তুহিনা শর্মা, দেবমিতা চক্রবর্তী-সহ বরাক উপত্যকার চার জেলার প্রতিনিধিরা অংশ নেন।

দীর্ঘদিনের এই আন্দোলনের প্রেক্ষাপটে বৃহস্পতিবারের দুই দফা বৈঠককে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। প্রশাসনিক স্ট্যান্ডিং কমিটির বিবেচনার জন্য প্রস্তাব পাঠানোর আশ্বাস এবং বিচার বিভাগের অনুমোদন সাপেক্ষে রাজ্য সরকারের পূর্ণ সহযোগিতার প্রতিশ্রুতি—এই দুই পদক্ষেপ বরাক উপত্যকায় হাইকোর্টের স্থায়ী বেঞ্চ প্রতিষ্ঠার দাবিকে নতুন গতি দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *