শামুক সংগ্রহ করতে গিয়ে জলে ডুবে মৃত্যু মহিলার

Spread the news

বরাক তরঙ্গ, ২১ মে : জীবন-জীবিকার তাগিদে শামুক সংগ্রহ করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু ঘটল এক মহিলার। মর্মান্তিক ঘটনাটি বিশ্রামগঞ্জ থানা এলাকায় ঘটেছে। মৃতার নাম রূপবান দেববর্মা। তাঁর বাড়ি বিশ্রামগঞ্জ এলাকায়।

জানা যায়, বুধবার মা ও মেয়ে একসঙ্গে শামুক সংগ্রহ করতে জলাশয়ে গিয়েছিলেন। সেই সময় শামুক সংগ্রহ করতে গিয়ে আচমকাই জলে তলিয়ে যান রূপবান দেববর্মা। মায়ের এই ঘটনায় হতভম্ব হয়ে পড়ে মেয়ে। সে মাকে উদ্ধারের চেষ্টা করলেও ব্যর্থ হয়।

পরে মেয়ের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে রূপবান দেববর্মাকে উদ্ধার করে দ্রুত বিশ্রামগঞ্জ হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়তেই গভীর শোকের ছায়া নেমে আসে। স্থানীয় সূত্রে জানা গেছে, রূপবান দেববর্মা দীর্ঘদিন ধরে শামুক সংগ্রহ করে বাজারে বিক্রি করেই পরিবারের জীবিকা নির্বাহ করতেন। প্রতিদিনের মতো এদিনও জীবিকার তাগিদেই তিনি শামুক সংগ্রহ করতে গিয়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *